Bangladesh · 2026-11-16 00:18:43

বাসায় ফিরছিলেন, পথে মোটরসাইকেল থামিয়ে মেয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বাসায় ফিরছিলেন, পথে মোটরসাইকেল থামিয়ে মেয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা
সাত বছরের মেয়েকে নিয়ে বাসায় ফিরছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ জামান (৩৫)। পথে মোটরসাইকেল থামিয়ে মেয়ের সামনেই তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার সন্ধ্যা সাতটার দিকে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মজিদ মার্কেট–সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত জামান ময়মনসিংহ শহরের মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা। তিনি প্রাইভেট কার কেনাবেচা ও ভাড়া দেওয়ার ব্যবসা করতেন।
নিহত জামানের চাচাতো ভাই মো. সাদেক হোসেন প্রথম আলোকে বলেন, সন্ধ্যার দিকে জামান তাঁর সাত বছর বয়সী মেয়ে আদিবাকে নিয়ে বাজারে যান। মেয়েকে ফল কিনে দিয়ে একটি জুতার দোকান থেকে জুতা কেনেন। পরে মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা হন।
সাদেক বলেন, মজিদ মার্কেটের একটু সামনে কমিউনিটি ক্লিনিক–সংলগ্ন সড়কে পৌঁছালে কয়েকজন জামানের পথ রোধ করেন। এ সময় তাঁরা জামানের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এ সময় ছোট্ট মেয়ে সঙ্গে থাকায় নিজেকে রক্ষা করতে পারেননি তিনি। মেয়েটিও মোটরসাইকেল থেকে পড়ে যায়।
ঘটনাস্থল থেকে ১০০ গজ দূরে সাদেক নিজের দোকানে ছিলেন বলে জানান। খবর পেয়ে তিনি সেখানে দৌড়ে যান। সাদেকের দাবি, তাঁর চাচাতো ভাইকে ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও তাঁর ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে ছুরিকাঘাতে হত্যা করেছেন।
মো. রুকুনোজ্জামান, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসকওয়ার্ড যুবলীগের সভাপতির নেতৃত্বে এই হত্যাকাণ্ড হয়। ফ্যাসিস্টরা গ্রেপ্তার না হওয়ায় এই হত্যা। এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।তবে কী কারণে জামানকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে কিছু বলতে পারেননি সাদেক। তিনি বলেন, ‘জাহাঙ্গীর আমাদের গোষ্ঠীর চাচাতো ভাই। সাম্প্রতিক সময়ে হত্যার মতো কোনো ঘটনা জাহাঙ্গীরদের সঙ্গে ঘটেনি। তাঁদের সঙ্গে জমি নিয়েও আমাদের কোনো বিরোধ নেই। ঘটনার পর তাঁরা সবাই এলাকা থেকে পালিয়েছেন।’
নিহত জামান ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন বলে জানান ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান। তিনি বলেন, ‘ওয়ার্ড যুবলীগের সভাপতির নেতৃত্বে এই হত্যাকাণ্ড হয়। ফ্যাসিস্টরা গ্রেপ্তার না হওয়ায় এই হত্যা। এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’
তবে চেষ্টা করেও ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ অভিযুক্ত অন্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে রোববার রাত ৯টার দিকে ময়মনসিংহ জেলা পুলিশের পাঠানো এক প্রেস নোটে বলা হয়, রোববার সন্ধ্যা সাতটার দিকে জামান মধ্য বাড়েরা মজিদ মার্কেট–সংলগ্ন সড়কে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রেস নোটে হামলাকারীদের মধ্যে মেহেদী নামের একজনের কথা উল্লেখ করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. কামরুল হাসান বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Source - www.prothomalo.com ↗