Bangladesh · 2026-11-15 23:47:39

হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির আনুষ্ঠানিক বিচার শুরু

হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির আনুষ্ঠানিক বিচার শুরু
জুলাই গণ–অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আজ রোববার এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এর মধ্য দিয়েই মূলত মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হয়।
সূচনা বক্তব্যের পর মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন আহমেদ আনিছ। তিনি জুলাই গণ–অভ্যুত্থানের সময় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি একটি নির্মাণপ্রতিষ্ঠানে হিসাব কর্মকর্তা হিসেবে কাজ করছেন।
এই মামলার আসামিদের মধ্যে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী ছাড়াও ফিরোজ, তৌহিদুল ইসলাম, আ. আজিজ ও দেবাশীষ পাল নামের আরও চারজন গ্রেপ্তার আছেন। আজ তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ ছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ১৭ আসামি পলাতক।
মামলায় আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগটি হলো ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যা করা। দ্বিতীয় অভিযোগে ২০২৪ সালের ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যা করার কথা বলা হয়েছে। তৃতীয় অভিযোগে শতাধিক মানুষকে গুরুতর আহত করার কথা উল্লেখ রয়েছে।
ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আজ এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, তিনি এই মামলার বিচার কোনোভাবেই শুরু করতে পারছিলেন না। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসে যে আসামিপক্ষকে কথা বলতে দেওয়া হয় না ও তাঁদের কাগজ দেওয়া হয় না। নানা অভিযোগ নিয়ে প্রতিটি তারিখেই আসামিপক্ষ দরখাস্ত নিয়ে আসে। আসামি ফজলে করিম চৌধুরীর আইনজীবী বা তাঁর আত্মীয়স্বজন মানবাধিকার সংস্থা, জাতিসংঘসহ নানা জায়গায় প্রসিকিউশনের নামে ভিত্তিহীন অভিযোগ দাখিল করেন। নানা ছুতায় দিনের পর দিন মামলাটির কার্যক্রম ব্যাহত করা হয়।
চিফ প্রসিকিউটর আরও বলেন, ফজলে করিমের আইনজীবীর পক্ষ থেকে আজ একটি আবেদন নিয়ে আসা হয়েছে যে এই মামলার সাক্ষীরা নাকি তাঁকে (ফজলে করিমের আইনজীবীকে) গালাগালি করেছেন। আবার সাক্ষীরা এসে অভিযোগ করেছেন, তাঁদের হুমকি দেওয়া হয়েছে। আদালতের বাইরের বিষয়গুলো এনে মামলাটির কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করা হয়।
এদিকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আজ ফজলে করিমের আইনজীবী রিজওয়ানা ইউসুফ সাংবাদিকদের বলেন, দেশ–বিদেশের বিভিন্ন নম্বর থেকে তাঁকে ফোন করে হয়রানি করা হয়। কিছু মানুষ তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত হয়রানি করছে এবং তাঁকে নিয়ে ঢাকা শহরে পোস্টার করা হয়।

Source - www.prothomalo.com ↗