Bangladesh · 2026-11-16 09:04:48

খুব অস্বাস্থ্যকর ঢাকার বায়ু, এক স্থানে বায়ুর মান ৫১৬

খুব অস্বাস্থ্যকর ঢাকার বায়ু, এক স্থানে বায়ুর মান ৫১৬
ঢাকায় বায়ুদূষণ বাড়ছেই। বিশ্বের ১২৬টি প্রধান শহরের মধ্যে বায়ুদূষণে আজ সোমবার সকালে তৃতীয় অবস্থানে আছে ঢাকা। আজ সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর বায়ুর মান সূচক (একিউআই) ছিল ২২৩। আইকিউএয়ারের শ্রেণিবিন্যাস অনুযায়ী, এ মান ‘খুব অস্বাস্থ্যকর’। গতকাল রোববার ঠিক এ সময়ই ঢাকার বায়ুর মান ছিল ২০৬। নগরীর চার স্থানে আজ মাত্রাতিরিক্ত দূষণ। চলতি বছর এত দূষণ আর কখনোই ছিল না।
আজ অবশ্য রাজধানীর গড় বায়ুর মানের চেয়ে সাভার ও গাজীপুরের বায়ুর মান অনেক খারাপ। সাভারের বায়ুর মান ২২৯ আর গাজীপুরের ২৫২।
বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, সেখানে বায়ুর মান ৩১৬। এরপরই আছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, ২৪৬।
আইকিউএয়ারের ওয়েবসাইটে আজ ঢাকার বিভিন্ন এলাকার বায়ুর মানের যে চিত্র পাওয়া গেছে, তাতে গুলশান লেক পার্কের অবস্থা সবচেয়ে ভয়ানক। সেখানে একিউআই ছিল ৫১৬। আইকিউএয়ারের হিসাবে, এ মান ‘বিপজ্জনক’ বা ‘হ্যাজার্ডাস’ পর্যায়ের। ঢাকার ১০টি পর্যবেক্ষণকেন্দ্রের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ। এরপর আছে বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লক। সেখানে বায়ুর মান ৪৬৫। বাড্ডা প্রগতি সরণি ও গুলশান-২–এর রব ভবনের বায়ুর মান যথাক্রমে ৪৪৭ ও ৩৫৫।
চলতি মাসে এতটা খারাপ হয়নি ঢাকার বাতাস। এ মাসে বাতাস আরও দূষিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বাতাসে প্রধান দূষক হচ্ছে অতি সূক্ষ্ম বস্তুকণা পিএম ২.৫। সকাল ৮টার দিকে রাজধানীর বাতাসে এ দূষক পদার্থের ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ১৩০ দশমিক ৮ মাইক্রোগ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বার্ষিক নির্দেশক মানের তুলনায় এ ঘনত্ব ২৬ দশমিক ২ গুণ বেশি।
বায়ুর মান সূচক ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়। দূষণের মাত্রা ৩০০ ছাড়ালে সাধারণ মানুষের জন্যও গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
বায়ুদূষণের কারণে শ্বাসতন্ত্রের সমস্যা, হৃদ্‌রোগ, স্ট্রোক ও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট বা হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিদের ঝুঁকি বেশি।
এমন পরিস্থিতিতে আইকিউএয়ারের পরামর্শ হচ্ছে, বাইরে শরীরচর্চা এড়িয়ে চলা, ঘরের দরজা-জানালা বন্ধ রাখা এবং বাইরে বের হলে ভালো মানের মাস্ক ব্যবহার করা। সম্ভব হলে ঘরের ভেতরে বায়ু পরিশোধক যন্ত্র ব্যবহার করাও উপকারী।

Source - www.prothomalo.com ↗