Bangladesh · 2026-11-16 09:00:00

সমকালীন সংস্কৃতি মহানবী (সা.) যেভাবে মোকাবিলা করেছেন

সমকালীন সংস্কৃতি মহানবী (সা.) যেভাবে মোকাবিলা করেছেন
একদিন ওমর (রা.) তাওরাতের একটি অনুলিপি নিয়ে নবীজির কাছে হাজির হলেন। নবীজি চুপ করে থাকলেন। ওমর পড়তে শুরু করলে নবীজির মুখের রং বদলে গেল।
আবু বকর (রা.) ওমরকে সতর্ক করলেন, নবীজির চেহারা দেখছেন না? ওমর বললেন, ‘আল্লাহর ক্রোধ ও তাঁর রাসুলের ক্রোধ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আমরা আল্লাহকে প্রতিপালক, ইসলামকে ধর্ম আর মুহাম্মদকে নবী হিসেবে মেনে সন্তুষ্ট।’ (সুনান দারেমি, হাদিস: ৪৪৯)
মহানবী (সা.) তখন বললেন, ‘হে ইবনুল খাত্তাব, তোমরা কি এখনো বিভ্রান্তির মধ্যে আছ? ওই সত্তার শপথ যাঁর হাতে আমার প্রাণ, আমি তোমাদের কাছে এসেছি শুভ্র ও নির্মল ধর্ম নিয়ে। তাদের কাছে কিছু জিজ্ঞেস কোরো না। তারা হয়তো তোমাদের সত্য বলবে আর তোমরা তা মিথ্যা বলবে, কিংবা মিথ্যা বলবে আর তোমরা তা সত্য ভাববে। আজ মুসা (আ.) জীবিত থাকলেও আমার অনুসরণ ছাড়া তাঁর কোনো উপায় থাকত না।’ (মুসনাদে আহমাদ, হাদিস: ১৫১৫৬)
বিদেশি বা ভিন্ন সংস্কৃতির মুখোমুখি হয়ে মুসলিমরা আজও এই প্রশ্নেই দ্বিধায় পড়েন: কোনটি নেওয়া যাবে, কোনটি ছাড়তে হবে? এ প্রশ্নের জবাব পাওয়া যায় নবীজির আচরণে। তিনি অন্ধ অনুকরণও করেননি, সবকিছু বর্জনও করেননি।
‘সংস্কৃতি’ শব্দের আরবি মূল ‘সাকাফা’। ভাষাবিদ ইবনে ফারিস লিখেছেন, এর প্রাথমিক অর্থ বাঁকা জিনিসকে সোজা করা, কোনো বিষয় গভীরভাবে বুঝে আয়ত্তে আনা। (ইবন ফারিস, মুজামু মাকায়িসিল লুগাহ, ১/৩৮১)
আলজেরীয় চিন্তাবিদ মালিক বিন নাবি সংস্কৃতিকে সংজ্ঞায়িত করেছেন মানুষের নৈতিক গুণ ও সামাজিক মূল্যবোধের সেই প্রাথমিক পুঁজি হিসেবে, যা একজন মানুষ জন্মসূত্রে তার পরিবেশ থেকে পায়। আধুনিক প্রাতিষ্ঠানিক বিচারে সংস্কৃতি হলো জ্ঞান, বিদ্যা, শিল্প ও অভ্যাসের সমষ্টি।
আলজেরীয় গবেষক রবিউ লাউর তাঁর গবেষণাপত্রে দেখিয়েছেন, তৎকালীন সংস্কৃতির সঙ্গে নবীজির সম্পর্ক তিনটি দৃষ্টিভঙ্গিতে চলেছিল: ক্ষতিকর সংস্কৃতির বর্জন, কল্যাণকর সংস্কৃতির গ্রহণ এবং দ্বিমুখী বিষয়ের সংস্কার। (রবিউ লাউর, কাইফা তাআমালার রাসুলু মাআ সাকাফাতি আসরিহি, পৃষ্ঠা: ১৫-৩৮)
বর্জন: যা ইমানের সঙ্গে সাংঘর্ষিক
১. ভাগ্যগণনা ও গণকের কাছে যাওয়া: জাহেলি যুগে ভাগ্য জানতে মানুষ তির ছুড়ত। কোরআন একে সরাসরি বর্জনের নির্দেশ দিয়েছে, ‘হে ইমানদারগণ, মদ, জুয়া, মূর্তির বেদি ও ভাগ্য নির্ধারক তির—এসব ঘৃণ্য শয়তানি কাজ; অতএব তোমরা তা বর্জন করো, যাতে সফল হও।’ (সুরা মায়িদা, আয়াত: ৯০)
গণক-জ্যোতিষীর কাছে যাওয়ার প্রবণতা নিয়েও নবীজি (সা.) কঠোর সতর্কবাণী দিয়েছেন, ‘যে ব্যক্তি কোনো গণক বা ভবিষ্যৎবক্তার কাছে গেল এবং তার কথা বিশ্বাস করল, সে মুহাম্মদের ওপর অবতীর্ণ ধর্মকে অস্বীকার করল।’ (মুসনাদে আহমাদ, হাদিস: ৯৫৩৬)
২. বর্জন নয়, বিকল্প: মদিনায় এসে নবীজি দেখলেন, স্থানীয়দের দুটি দিন আছে, যাতে তাঁরা জাহেলি যুগ থেকে খেলাধুলা ও আনন্দ করে আসছেন। তিনি বললেন, ‘আল্লাহ তোমাদের এ দুটির বদলে এর চেয়ে উত্তম দুটি দিন দিয়েছেন: কোরবানির দিন ও রোজা ভাঙার দিন।’ (সুনান আবু দাউদ, হাদিস: ১১৩৪)
ব্যাখ্যাকারদের কেউ কেউ বলেছেন, দিন দুটি ছিল ফারসি নববর্ষ নওরোজ ও মেহেরজান। আনন্দের মানুষের স্বাভাবিক চাহিদাকে নবীজি অস্বীকার করেননি, তার জায়গায় নতুন ও বিশুদ্ধ রূপ দিয়েছেন।
রোমের শাসকের কাছে চিঠি লিখতে চাইলে নবীজিকে জানানো হলো, তারা সিলমোহর ছাড়া চিঠি পড়ে না। এই প্রশাসনিক রীতি তিনি মেনে নিলেন। তিনি রুপার একটি আংটি বানালেন, যাতে খোদাই করা ছিল ‘মুহাম্মাদুর রসুলুল্লাহ’।ধৈর্যের সংস্কৃতি কেন হারিয়ে গেলোগ্রহণ: যা মানুষের কল্যাণে আসে
১. সিলমোহর: রোমের শাসকের কাছে চিঠি লিখতে চাইলে নবীজিকে জানানো হলো, তারা সিলমোহর ছাড়া চিঠি পড়ে না। এই প্রশাসনিক রীতি তিনি মেনে নিলেন। তিনি রুপার একটি আংটি বানালেন, যাতে খোদাই করা ছিল ‘মুহাম্মাদুর রসুলুল্লাহ’। (সহিহ বুখারি, হাদিস: ৬৫ ও ৭১৬২)
২. খন্দক: বিদেশি সামরিক কৌশল গ্রহণের সবচেয়ে ভালো দৃষ্টান্ত খন্দকের যুদ্ধ। মক্কার বাহিনী মদিনায় আসছে, এমন সময় পারস্য থেকে আসা সালমান ফারসি (রা.) প্রস্তাব দিলেন শহরের চারপাশে পরিখা খননের। আরবে তখন এই কৌশল অপরিচিত ছিল। নবীজি প্রস্তাবটি গ্রহণ করলেন (আল-ওয়াকিদি, আল-মাগাজি, ২/৪৪৫)
৩. বিদেশি ভাষা: মহানবী (সা.) জায়েদ ইবনে সাবিতকে ইহুদিদের লিখিত ভাষা শিখতে বললেন। কারণ হিসেবে বললেন, ‘আল্লাহর শপথ, আমি আমার চিঠির ব্যাপারে ইহুদিদের ওপর নিশ্চিন্ত নই।’
জায়েদ অর্ধমাসের মধ্যেই ভাষাটি আয়ত্ত করেন। এরপর নবীজি তাদের কাছে চিঠি লিখলে জায়েদ লিখে দিতেন, তাদের চিঠি এলে পড়ে শোনাতেন। (সুনান আবু দাউদ, হাদিস: ৩৬৪৫)
আরেক বর্ণনায় সিরীয় (সুরিয়ানি) ভাষা শেখার কথা এসেছে। (সুনান তিরমিজি, হাদিস: ২৭১৫)
নিজের চিঠির নিরাপত্তার জন্য নবীজি অন্যের ওপর নির্ভর করেননি, ভাষা শিখেই বিষয়টি নিজের আয়ত্তে এনেছেন।
ভাষার ব্যাপারে নবীজির সহজাত আগ্রহের আরেকটি ছোট্ট ছবি আছে। শিশু উম্মে খালিদ (রা.) আবিসিনিয়ায় জন্মেছিলেন। তাঁকে কালো একটি জামা পরিয়ে নবীজি আবিসিনীয় ভাষায় বললেন, ‘উম্মে খালিদ, এটি সানাহ।’ হাবশি ভাষায় ‘সানাহ’ মানে সুন্দর। (সহিহ বুখারি, হাদিস: ৫৮২৩)
৪. দূতের নিরাপত্তা: ভণ্ড নবী মোসাইলামার দুজন দূত নবীজির কাছে এসে মোসাইলামাকে নবী বলে স্বীকার করল। নবীজি জিজ্ঞেস করলেন, ‘তোমরা দুজন কী বলো?’ তারা বলল, ‘মোসাইলামা যা বলে, আমরাও তা-ই বলি।’
নবীজি (সা.) বললেন, ‘আল্লাহর শপথ, দূতদের হত্যা করা হয় না—এ নিয়ম না থাকলে আমি তোমাদের দুজনের গর্দান উড়িয়ে দিতাম।’ (সুনান আবু দাউদ, হাদিস: ২৭৬১)
প্রচলিত আন্তর্জাতিক রীতিকে তিনি এখানে মেনে চলেছেন, এমনকি চরম উসকানির মুখেও।
পরিমার্জন: যেখানে পরিস্থিতি নির্ধারণ করে
কিছু রীতি ভালো-মন্দের স্পষ্ট ছকে পড়ে না। কখন, কীভাবে ও কী উদ্দেশ্যে করা হচ্ছে, তার ওপর নির্ভর করে তার বিধান। নবীজি এসব ক্ষেত্রে সূক্ষ্ম বিচার করেছেন।
১. সম্মানার্থে দাঁড়ানো: তিনি বলেছেন, ‘যে ব্যক্তি চায় মানুষ তার জন্য দাঁড়িয়ে থাকুক, সে যেন দোজখে নিজের ঠিকানা তৈরি করে নেয়।’ (সুনান আবু দাউদ, হাদিস: ৫২২৯)
সাহাবিদের কাছে নবীজির চেয়ে প্রিয় কেউ ছিলেন না, তবু তাঁকে দেখে তাঁরা উঠে দাঁড়াতেন না, কারণ তাঁরা জানতেন নবীজি তা পছন্দ করেন না। (সুনান তিরমিজি, হাদিস: ২৭৫৪)
অথচ হোদাইবিয়ার সন্ধির সময় মুগিরা ইবনে শুবা (রা.) তরবারি ও শিরস্ত্রাণ পরে নবীজির মাথার কাছে দাঁড়িয়ে ছিলেন। কোরাইশ প্রতিনিধি উরওয়া কথা বলতে বলতে নবীজির দাড়ি ধরতে এলে মুগিরা তলোয়ারের খাপ দিয়ে তাঁর হাতে আঘাত করে বলেন, ‘মহানবীর দাড়ি থেকে হাত সরাও।’ (সহিহ বুখারি, হাদিস: ২৭৩১-২৭৩২)
বর্ণনায় এ নিয়ে নবীজির কোনো আপত্তির উল্লেখ নেই। অহংকার জাগানোর জন্য দাঁড়ানো এক জিনিস, আর পাহারা ও মর্যাদা রক্ষায় দাঁড়ানো আরেক জিনিস।
মহানবী (সা.) যেভাবে সমালোচনা মোকাবেলা করতেনতিনি জিজ্ঞেস করলেন, ‘এটা কী?’ আয়েশা (রা.) বললেন, ‘ঘোড়া।’ নবীজি বললেন, ‘ঘোড়ার আবার ডানা?’ আয়েশা বললেন, ‘আপনি কি শোনেননি, নবী সোলাইমানের ডানাওয়ালা ঘোড়া ছিল?’ নবীজি এত হাসলেন যে তাঁর মাড়ির দাঁত দেখা গেল।২. ছবি ও পুতুল: ছবি-মূর্তি নিয়ে হাদিসে কঠোর সতর্কতা আছে। নবীজি বলেছেন, ‘কেয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে কঠিন শাস্তি পাবে ছবি-নির্মাতারা।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৯৫০)
অথচ শিশুদের খেলনার প্রতি তাঁর আচরণ ছিল ভিন্ন। আয়েশা (রা.) বলেন, নবীজি তাবুক বা খাইবার থেকে ফিরলে বাতাসে পর্দা সরে গেল, আর তাঁর পুতুলগুলো দেখা গেল। তার মধ্যে ছিল কাপড়ের তৈরি দুই ডানাওয়ালা এক ঘোড়া।
তিনি জিজ্ঞেস করলেন, ‘এটা কী?’ আয়েশা বললেন, ‘ঘোড়া।’ নবীজি বললেন, ‘ঘোড়ার আবার ডানা?’ আয়েশা বললেন, ‘আপনি কি শোনেননি, নবী সোলাইমানের ডানাওয়ালা ঘোড়া ছিল?’
নবীজি এত হাসলেন যে তাঁর মাড়ির দাঁত দেখা গেল। (সুনান আবু দাউদ, হাদিস: ৪৯৩২)।
হজরত আয়েশা বান্ধবীরা তাঁর সঙ্গে পুতুল খেলতে আসতেন, নবীজি ঘরে ঢুকলে তাঁরা লুকাতেন, আর তিনি তাঁদের আয়েশার কাছে পাঠিয়ে দিতেন। (সুনান আবু দাউদ, হাদিস: ৪৯৩১)
৩. কবিতা: কোরআনে কবিদের সম্পর্কে আছে, ‘আর কবিদের অনুসরণ করে বিভ্রান্ত লোকেরা… তবে তারা ব্যতিক্রম, যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে এবং আল্লাহকে বেশি স্মরণ করেছে।’ (সুরা শুআরা, আয়াত: ২২৪-২২৭)
এই ব্যতিক্রমের দৃষ্টান্ত হাসসান ইবনে সাবিত (রা.)। নবীজি তাঁকে বলেছিলেন, ‘হাসসান, আমার পক্ষ থেকে জবাব দাও। হে আল্লাহ, তাকে রুহুল কুদুস (জিবরাইল) দিয়ে সাহায্য করো।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৪৮৫)
হাদিসে আছে, নবীজি মসজিদে হাসসানের জন্য মিম্বর রাখতেন, যাতে তিনি তার ওপর দাঁড়িয়ে নবীজির পক্ষে কবিতা আবৃত্তি করতে পারেন। (সুনান আবু দাউদ, হাদিস: ৫০১৫)
৪. গান ও দফ: নবীজি এমন একদল মানুষের কথা বলেছেন, যারা ‘ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৫৯০)
আবার ঈদের দিনে আয়েশার ঘরে আনসারের দুই কিশোরী বুআসের যুদ্ধের গান গাইছিল। আবু বকর (রা.) আপত্তি জানিয়ে বললেন, ‘নবীজির ঘরে শয়তানের বাঁশি?’ নবীজি বললেন, ‘আবু বকর, ওদের ছেড়ে দাও। প্রত্যেক জাতির উৎসব আছে, আর আজ আমাদের উৎসব।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৯৩১)
বিয়ের পরদিন সকালে রুবাইয়্যি বিনতে মুআওয়িজের ঘরে কিশোরীরা দফ বাজিয়ে বদরে নিহত তাঁর পূর্বপুরুষদের গুণগান করছিল। তাদের একজন বলে ফেলল, ‘আমাদের মধ্যে এমন এক নবী আছেন, যিনি আগামীকালের খবর জানেন।’ নবীজি বললেন, ‘এটা বাদ দাও। আগে যা বলছিলে, তা-ই বলো।’ (সহিহ বুখারি, হাদিস: ৫১৪৭)
আরেক হাদিসে এসেছে, ‘হালাল ও হারামের মধ্যে পার্থক্য হলো দফ ও (বিয়ের) আওয়াজ।’ (সুনান তিরমিজি, হাদিস: ১০৮৮)
সংগীত ও বাদ্যযন্ত্রের সীমা কোথায়, তা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। এখানে লক্ষণীয় হলো নবীজির আচরণের ধরন: উৎসবের আনন্দকে তিনি অস্বীকার করেননি, আবার ইমানবিরোধী কথা শুধরে দিতেও দ্বিধা করেননি।
অন্ধ গোঁড়ামি আর নির্বিচার গ্রহণের মাঝখানে নবীজির পথ ছিল প্রজ্ঞা, কল্যাণ আর তাওহিদের মাপকাঠিতে প্রতিটি বিষয় বিচার করা। যা সত্য ও কল্যাণকর, তা যেদিক থেকেই আসুক, তিনি গ্রহণ করেছেন। যা ক্ষতিকর ও ইমানবিনাশী, তা দৃঢ়তার সঙ্গে ছেড়েছেন। আজকের বিশ্বায়নের যুগেও সেই পথই মুসলিম সমাজের জন্য দিকনির্দেশ।
ইসলামে ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থানের সংস্কৃতি

Source - www.prothomalo.com ↗