Bangladesh · 2026-11-16 09:00:00

দূরে থেকেও জলধারার আনন্দে গোবিপ্রবি বন্ধুসভার গল্প

দূরে থেকেও জলধারার আনন্দে গোবিপ্রবি বন্ধুসভার গল্প
গোবিপ্রবি বন্ধুসভা প্রথমবারের মতো ‘বর্ষসেরা ১০’ বন্ধুসভার তালিকায় জায়গা করে নিয়েছে।‘এসো মিলি জলধারায় ২.০’ নিঃসন্দেহে একটি সুন্দর, আনন্দময় ও স্মরণীয় আয়োজন ছিল। তবে এবারের আয়োজনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও সরাসরি অংশগ্রহণ করা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয়ে সবার ফাইনাল পরীক্ষা চলমান থাকায় রেজিস্ট্রেশন করেও আমরা অনেকেই উপস্থিত থাকতে পারিনি।
তবে উপস্থিত থাকতে না পারলেও মন থেকে আমরা সব সময় এই আয়োজনের সঙ্গেই ছিলাম। প্রতিটি কার্যক্রম, ছবি ও আয়োজনের খোঁজ রেখেছি বন্ধুসভার ফেসবুক পেজে। অন্যান্য বন্ধুসভার বন্ধুদের মাধ্যমেও নিয়মিত খোঁজখবর নিয়েছি। সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল, বন্ধুসভার কার্যনির্বাহী কমিটির সদস্যরা, বিশেষ করে জাফর ভাই, তাহসিন ভাইসহ সবাই আমাদের প্রতি অত্যন্ত আন্তরিক ছিলেন। আমাদের খোঁজ নিয়েছেন এবং যোগাযোগ করলে সুন্দরভাবে সাড়া দিয়েছেন। তাঁদের এই আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে।
এবারের আয়োজনের সবচেয়ে আনন্দের ও গর্বের সংবাদ হলো, গোবিপ্রবি বন্ধুসভা প্রথমবারের মতো ‘বর্ষসেরা ১০’ বন্ধুসভার তালিকায় জায়গা করে নিয়েছে। এ অর্জনে আমাদের বন্ধুসভার প্রত্যেক সদস্য অত্যন্ত আনন্দিত ও গর্বিত। উপদেষ্টারাও এই অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
পরীক্ষার কারণে আয়োজনে উপস্থিত থাকতে না পারলেও মনেপ্রাণে আমরা সেখানেই ছিলাম। ভবিষ্যতে এমন সুন্দর আয়োজনের আরও অনেক স্মরণীয় মুহূর্তের অংশ হতে চাই। দেশের ও মানুষের কল্যাণে বন্ধুসভার মাধ্যমে এভাবেই সম্মিলিতভাবে কাজ করে যেতে চাই।
প্রথম আলো বন্ধুসভার প্রতি রইল অফুরন্ত ভালোবাসা ও কৃতজ্ঞতা। আয়োজক, স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারী প্রত্যেক বন্ধুর জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া।
ভালো থাকুক বন্ধুত্ব, ভালো থাকুক বন্ধুসভা।
সভাপতি, গোবিপ্রবি বন্ধুসভা

Source - www.bondhushava.com ↗