Bangladesh · 2026-11-16 08:00:00

ট্রাম্প-সি–পুতিনের বৈঠকে কী হতে যাচ্ছে

ট্রাম্প-সি–পুতিনের বৈঠকে কী হতে যাচ্ছে
আগামী সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা নেতা সি চিন পিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে বসতে পারেন।
‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেন যুদ্ধ শেষ করার উপায় নিয়ে আলোচনার সুযোগ হিসেবে পুতিন গত মাসে এই ত্রিপক্ষীয় সংলাপের প্রস্তাব দিয়েছিলেন।
এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো পরিকল্পনা ঘোষিত না হলেও, এই বৈঠকের সম্ভাবনা নিয়েই চারদিকে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্ল সিকোরস্কি ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের পুনরাবৃত্তির বিরুদ্ধে সতর্ক করেছেন। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল পূর্ব ইউরোপে সোভিয়েত ইউনিয়নের আধিপত্য বিস্তারের দাবির কাছে নতি স্বীকার করেছিলেন।
মার্কিন সিনেটর ক্রিস কুনস সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, ‘আলোচনার টেবিলে ইউক্রেনকে ছাড়া দেশটির ভবিষ্যৎ নিয়ে কোনো কথা হতে পারে না। ট্রাম্প যতক্ষণ সি এবং পুতিনের প্রতি দুর্বলতা ও আনুগত্য দেখাতে থাকবেন, ততক্ষণ কোনো প্রকৃত সমঝোতাও সম্ভব নয়’।
এই উদ্বেগ যৌক্তিক। গণতান্ত্রিক মিত্রদের দিক থেকে মুখ ফিরিয়ে স্বৈরশাসকদের সঙ্গে সখ্য গড়ার দীর্ঘ রেকর্ড ট্রাম্পের রয়েছে। তিনি যদি সি এবং পুতিনের সঙ্গে বৈঠকে বসেন, তবে আলোচনার টেবিলে অনুপস্থিত ইউরোপীয় ও এশীয় অংশীদারদের স্বার্থ জলাঞ্জলি দেওয়া থেকে তাঁকে অবশ্যই বিরত থাকতে হবে।
ট্রাম্প-সি বৈঠক শেষে কোন দেশ কী পেলএই প্রতিযোগিতার মধ্যেও সহাবস্থানের খোঁজে সি-ট্রাম্পতা ছাড়া তিন নেতার একগুঁয়ে ব্যক্তিত্ব এবং চীন ও রাশিয়ার মধ্যে সির ভাষায় ‘সীমাহীন’ অংশীদারত্বের বিপরীতে যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী জাতীয় স্বার্থের কারণে এই বৈঠক থেকে বড় কোনো বিষয়ে তেমন অগ্রগতি নাও আসতে পারে।
তা সত্ত্বেও, সি এবং পুতিনের সঙ্গে শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া ট্রাম্পের জন্য সঠিক সিদ্ধান্তই। এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন ও রাশিয়ার নেতাদের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসেননি; ফলে প্রস্তাবিত এই আলোচনা বরফ গলাতে এবং অত্যন্ত প্রয়োজনীয় সংলাপকে স্বাভাবিক করতে ভূমিকা রাখবে।
কর্তৃত্ববাদ রাতারাতি দূর হয়ে যাবে না; তাই একটি পরস্পর নির্ভরশীল বিশ্বে ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কমাতে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় স্বৈরতন্ত্র ও গণতন্ত্রকে কেবল পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করাই নয়, বরং একসঙ্গে কাজ করাও শিখতে হবে। বিশ্বের শীর্ষ স্বৈরশাসকদের সঙ্গে আলোচনায় বসার মাধ্যমে ট্রাম্প সঠিক পথেই একটি সাহসী পদক্ষেপ নিচ্ছেন।
সি এবং পুতিনের সঙ্গে বৈঠক হলে ট্রাম্পের উচিত প্রত্যাশা সীমিত রাখা এবং ত্রিপক্ষীয় আলোচনায় উপকৃত হতে পারে এমন কয়েকটি মূল বিষয়ে সীমিত হলেও অর্থবহ অগ্রগতি অর্জনের দিকে মনোযোগ দেওয়া। বিষয়গুলো হলো—কোরীয় উপদ্বীপ, ইউক্রেন ও ইরানের মতো সংকটপূর্ণ অঞ্চল এবং অস্ত্র নিয়ন্ত্রণ ও কৌশলগত স্থিতিশীলতা।
এমনকি এই সম্মেলন থেকে যদি কোনো সুনির্দিষ্ট ফলাফল না–ও আসে, তবু এটি সার্থক হবে। কারণ ট্রাম্প, সি এবং পুতিন তাঁদের উত্তরসূরিদের জন্য আদর্শিক সীমারেখা পেরিয়ে পরাশক্তিগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং একটি বিভক্ত বিশ্বকে স্থিতিশীল করার পথ প্রশস্ত করছেন।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মিলিত প্রচেষ্টা
আমি এর আগেও যুক্তি দিয়েছি, ঊনবিংশ শতাব্দীর ‘কনসার্ট অব ইউরোপ’-এর আদলে পরাশক্তিগুলোর একটি অনানুষ্ঠানিক পরিচালন গোষ্ঠী একটি বহুমেরু বিশ্বে ভূরাজনৈতিক প্রতিযোগিতা কমাতে এবং যৌথ পদক্ষেপ গ্রহণে সবচেয়ে ভালো ভূমিকা রাখতে পারে।
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পাশাপাশি এই নতুন জোট বা কনসার্টে ভারত, জাপান, ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিনিধিরাও থাকবেন।
এ ধরনের জোট প্রতিনিধিত্বের চেয়ে কার্যকারিতাকে বেশি গুরুত্ব দেয় এবং কেবল ভূরাজনৈতিকভাবে প্রভাবশালী ও অপরিহার্য রাষ্ট্রগুলোকেই আলোচনার টেবিলে জায়গা দেয়। তারা আদর্শিক মতপার্থক্য সরিয়ে রেখে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দিতে গণতন্ত্র ও স্বৈরতন্ত্রকে এক মঞ্চে নিয়ে আসে।
যেহেতু এ ধরনের জোট বাধ্যতামূলক ও আইনি প্রক্রিয়ার বদলে অনানুষ্ঠানিক ঐকমত্য গঠনের ওপর জোর দেয়, তাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো যখন অচল হয়ে পড়ে এবং যুক্তরাষ্ট্র নিয়মভিত্তিক বহুপাক্ষিকতার প্রতি তার অঙ্গীকার থেকে সরে আসে, তখন এটি সফল হতে পারে।
আগামী সপ্তাহের শীর্ষ সম্মেলন রাতারাতি পরাশক্তিগুলোর সহযোগিতার কোনো নতুন যুগের সূচনা করবে না। এমনকি এটি থেকে কোনো সুনির্দিষ্ট ফলাফলও না আসতে পারে। তবু এই বৈঠক একটি মূল্যবান দৃষ্টান্ত স্থাপন করবে।

কিন্তু এখনই বৈশ্বিক কনসার্ট গঠনের উপযুক্ত সময় আসেনি। এ ধরনের জোট তখনই কার্যকর হয়, যখন এর সদস্যরা বিদ্যমান ভৌগোলিক স্থিতাবস্থা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে, কৌশলগত সংযম প্রদর্শন ও পারস্পরিক স্বার্থ রক্ষায় আগ্রহী হয় এবং কূটনৈতিকভাবে বিরোধ মেটাতে প্রস্তুত থাকে। কিন্তু, এখন পুতিন, সি ও ট্রাম্পের অবস্থান যৌথ পদক্ষেপ ও পারস্পরিক লাভের বদলে একতরফা পথই বেছে নিয়েছে।
তবে এ ধরনের কিছু গঠন করার জন্য ট্রাম্প, সি ও পুতিন উপযুক্ত নেতা না হলেও ট্রাম্পের প্রথাবিরোধী কূটনীতি একটি কার্যকর দৃষ্টান্ত স্থাপন করছে। গত বছর আলাস্কায় পুতিনের সঙ্গে এবং এ বছর সির সঙ্গে তাঁর দুটি শীর্ষ সম্মেলন বাস্তব ফলাফলের চেয়ে আনুষ্ঠানিকতায় বেশি ভরপুর ছিল, তা ঠিক।
কিন্তু এই দুই নেতার সঙ্গে যৌথ আলোচনার মতো বিতর্কিত পদক্ষেপ নিয়ে ট্রাম্প কূটনৈতিক সম্ভাবনার পরিসর বাড়াচ্ছেন এবং ভবিষ্যতের মার্কিন প্রেসিডেন্টদের জন্য রাজনৈতিকভাবে যা সম্ভব তার পরিধি বিস্তৃত করছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুদ্ধ ও শান্তি
শেনজেনে বৈঠক অনুষ্ঠিত হলে ট্রাম্প, সি ও পুতিনের উচিত প্রধান ভূরাজনৈতিক সংকটপূর্ণ অঞ্চলগুলোতে উত্তেজনা প্রশমনে মনোযোগ দেওয়া। এ ক্ষেত্রে কোরীয় উপদ্বীপ তিন নেতার সহযোগিতার সবচেয়ে ভালো সুযোগ তৈরি করে।
গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং পিয়ংইয়ংয়ের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটি উচ্চাভিলাষী পরিকল্পনা পেশ করেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে লি উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণে ধাপে ধাপে এগোনোর পক্ষে মত দিয়েছেন।
লি-র এই সাহসী প্রস্তাব যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার স্বার্থকে এক বিন্দুতে নিয়ে আসতে পারে। ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমাতে চান এবং ইতিমধ্যে উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের সঙ্গে বৈঠকের চেষ্টা করছেন। কিমের ওপর প্রভাব বিস্তারে বেইজিং ও মস্কোর মধ্যে প্রতিযোগিতা থাকলেও উভয় দেশই উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্থিতিশীল সম্পর্ক চায়।
ট্রাম্প, সি এবং পুতিনের উচিত লির শান্তি এজেন্ডা এগিয়ে নেওয়ার একটি পরিকল্পনা নিয়ে বৈঠক শেষ করা; উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র উন্নয়নে স্থগিতাদেশের প্রতি যৌথ সমর্থন জানানো এ ক্ষেত্রে একটি ভালো শুরু হতে পারে।
যুক্তরাষ্ট্র কি আর ট্রাম্প-পূর্ব আমলের রাজনীতিতে ফিরতে পারবেইতিহাসের ট্রাম্প-অধ্যায় শেষ হতে চলেছে, ইরান যুদ্ধের কী হবেইউক্রেন যুদ্ধ শেষ করার ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা অনেক কম হলেও একেবারে অসম্ভব নয়। যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে রাশিয়ার সক্ষমতা দুর্বল করার চেষ্টা করা উচিত ছিল ট্রাম্পের, কিন্তু তিনি দীর্ঘদিন ধরে মস্কোর ওপর নিষেধাজ্ঞা কঠোর করতে অনীহা দেখিয়ে আসছেন।
এটি স্পষ্ট যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য রাশিয়ার অর্থায়ন বন্ধ করার চেয়ে জ্বালানি তেলের দাম কমানোর চেষ্টার দিকেই ট্রাম্পের নজর বেশি।
তবে এই শীর্ষ সম্মেলন ট্রাম্পকে তাঁর অবস্থান পরিবর্তন করার এবং পুতিনকে সংযত করতে সি–কে রাজি করানোর একটি সুযোগ করে দিচ্ছে। ট্রাম্প ইউক্রেন যুদ্ধ শেষ করার অঙ্গীকার করেছেন এবং চীনা নেতা তাঁকে সেই লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারেন। পুতিনের ওপর সির ব্যাপক প্রভাব রয়েছে।
সি এত দিন ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধে সায় দিয়ে এসেছেন। কিন্তু গত মে মাসে সি ও ট্রাম্প যখন বৈঠক করেন, তখন উভয় নেতা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘কৌশলগত স্থিতিশীলতার একটি গঠনমূলক সম্পর্ক’ গড়ে তুলতে সম্মত হন।
ট্রাম্প এবং সি মিলে পুতিনকে সংঘাত প্রশমনে সীমিত কিন্তু গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ মেনে নিতে চাপ দিতে পারেন। এর মধ্যে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যস্থতা ও নজরদারিতে জ্বালানি স্থাপনা ও অবকাঠামো, বেসামরিক লক্ষ্যবস্তু এবং বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি অন্তর্ভুক্ত থাকতে পারে।
লালগালিচার ওপর দিয়ে হেঁটে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রবেশ করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডানে) এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ২০ মে, ২০২৬ প্রণালি নিয়ে আলোচনা
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ফলে সৃষ্ট আঞ্চলিক বিশৃঙ্খলা এবং আকাশচুম্বী তেলের দামের চোরাবালি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনতেও ট্রাম্প এই ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনকে কাজে লাগাতে পারেন। তেহরান একের পর এক চরম দাবি জানিয়ে যাচ্ছে এবং এই যুদ্ধের কারণে হরমুজ ও বাব আল-মানদেব প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে; এমন পরিস্থিতিতে ট্রাম্পের একটি প্রস্থান পথ প্রয়োজন।
সি কিংবা পুতিন কেউই এখন পর্যন্ত সাহায্যের হাত বাড়াতে আগ্রহী হননি। চীন এখনো ইরানি তেল কিনছে এবং তেহরানকে সামরিক গোয়েন্দা তথ্য ও দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য সরবরাহ করছে। রাশিয়া দিচ্ছে স্যাটেলাইট টার্গেটিং ডেটা, গোলাবারুদ, উন্নত ড্রোন প্রযুক্তি এবং রসদ সহায়তা।
প্রধান জ্বালানি রপ্তানিকারক দেশ হিসেবে এই সংঘাতের ফলে তেলের দাম বেড়ে যাওয়ায় রাশিয়া লাভবান হচ্ছে, তাই ইরানকে সমর্থন দেওয়া বন্ধ করতে পুতিনকে চাপ দেওয়া সম্ভবত বৃথা চেষ্টা হবে। কিন্তু চীন বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ এবং মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি স্থিতিশীল করার মাধ্যমে জ্বালানির দাম কমানোর বিষয়ে বেইজিংয়ের নিজস্ব স্বার্থ জড়িত রয়েছে।
হরমুজ কি যুক্তরাষ্ট্রের সুয়েজ হয়ে উঠবেইরানের ‘এশীয় বন্ধুরা’ কি হরমুজ প্রণালি খুলতে পারবেচীনের বিশাল তেলের মজুত এত দিন তেলের বাড়তি দাম থেকে দেশটির অর্থনীতিকে সুরক্ষা দিলেও সেই মজুত এখন উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। চীনের অপরিশোধিত তেল আমদানি আবারও বাড়তে শুরু করেছে, ফলে সংঘাত দীর্ঘায়িত হলে উচ্চ জ্বালানি মূল্যের কারণে দেশটির অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে।
তা ছাড়া বিশ্বের বৃহত্তম পণ্য রপ্তানিকারক হিসেবে উচ্চ জ্বালানি মূল্যের কারণে বৈশ্বিক প্রবৃদ্ধি মন্থর হয়ে পড়লে চীনও ক্ষতিগ্রস্ত হয়।
অতএব, যুদ্ধ শেষ করতে ট্রাম্পকে সাহায্য করার বিষয়ে সি আগ্রহী হতে পারেন। ইরানে চীনা প্রযুক্তি পাঠানো বন্ধ করে বেইজিং চলমান অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে আরও গভীর করতে পারে এবং সংঘাত বন্ধে আলোচনায় বসতে তেহরানকে রাজি করাতে সাহায্য করতে পারে।
যুদ্ধ বন্ধের জন্য ইরান যেসব দাবি জানাচ্ছে—যেমন উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত করা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া—তা থেকে সরে আসতেও তেহরানকে চাপ দিতে পারেন সি।
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে চলাচলরত কয়েকটি জাহাজের দৃশ্য। ১২ অক্টোবর ২০২৬ একটি নতুন শুরু
চলমান সংঘাত নিরসনের পাশাপাশি পুতিন ও সির সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনা চালিয়ে যাওয়ার মাধ্যমে ভবিষ্যতের কৌশলগত স্থিতিশীলতাও নিশ্চিত করা উচিত ট্রাম্পের। ওয়াশিংটন ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত প্রতিটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে; তাদের সর্বশেষ পারমাণবিক চুক্তি ‘নিউ স্টার্ট’-ও গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত অস্ত্রভান্ডারের ওপর কোনো সীমাবদ্ধতা নেই এবং কোনো নিয়মিত পরিদর্শন, তথ্য বিনিময় বা পারমাণবিক মহড়ার আগাম বিজ্ঞপ্তি দেওয়ার ব্যবস্থাও নেই।
গত অক্টোবরে ট্রাম্প যথার্থই প্রস্তাব করেছিলেন যে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি অন্তর্ভুক্ত থাকা উচিত। চীন দীর্ঘদিন ধরে অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় যুক্ত হতে অস্বীকৃতি জানিয়ে আসছে; তাদের যুক্তি হলো, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় তাদের পারমাণবিক অস্ত্রভান্ডার অনেক ছোট হওয়ায় তাদের কর্মসূচি সীমিত করার প্রশ্নই ওঠে না।
কিন্তু কোরীয় উপদ্বীপের অস্থিতিশীলতা এবং তাইওয়ানের সঙ্গে চীনের উত্তেজনাপূর্ণ সম্পর্কের বাস্তবতায় উচ্চপর্যায়ের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় বেইজিংকে অবশ্যই যুক্ত করতে হবে।
বাস্তবসম্মতভাবে দেখলে, ট্রাম্প এ আলোচনাটি শুরু করা এবং কূটনীতিক ও অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের নেতৃত্বে ভবিষ্যতের ত্রিপক্ষীয় আলোচনায় এটি চালিয়ে যাওয়ার জন্য সি ও পুতিনকে আমন্ত্রণ জানানো ছাড়া আর খুব বেশি কিছু করতে পারবেন না।
যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই জাপোরিঝঝিয়া অঞ্চলের এই গ্রামে একাধিক বিমান হামলা চালায় রাশিয়া। জাপোরিঝঝিয়া, ইউক্রেন, ২ নভেম্বরনিজের অবস্থানে অটল থাকা
ট্রাম্প সম্মেলনের আলোচ্যসূচিতে বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণের মতো আরও অনেক বিষয় যুক্ত করতে পারেন, তবে যে আলোচনার কোনো কূল-কিনারা নেই, তেমন বিস্তৃত বিষয় এড়িয়ে চলাই তাঁর জন্য ভালো হবে।
তবে যেসব ক্ষেত্রে সহযোগিতা করা তুলনামূলকভাবে সহজ, তেমন কোনো বিষয়ে ত্রিপক্ষীয় উদ্যোগের প্রস্তাব দিয়ে তিনি একটি সহজ সাফল্য অর্জন করতে পারেন।
উদাহরণস্বরূপ, ইবোলা মোকাবিলায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে যৌথ চিকিৎসা দল পাঠানো কিংবা ইয়েমেন বা গাজায় মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য যৌথ সহায়তা অভিযান পরিচালনা করা।
তবু ট্রাম্পকে সতর্ক থাকতে হবে, সাফল্যের নেশায় মত্ত হয়ে তিনি সি এবং পুতিনকে উল্টো যেন সুযোগ করে না দেন। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে আমেরিকান ভোটাররা ট্রাম্প ও তাঁর দলকে ঐতিহাসিক প্রত্যাখ্যানের জবাব দেওয়ার মাত্র দুই সপ্তাহ পর এই অ্যাপেক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্পর্শকাতর হিসেবে পরিচিত এই প্রেসিডেন্ট পররাষ্ট্রনীতিতে বড় কোনো সাফল্য দেখানোর লোভে বেইজিং ও মস্কোকে ছাড় দেওয়ার প্রলোভনে পড়তে পারেন।
ট্রাম্প ও পুতিন দুজনই কেন ইউরোপকে ‘ধ্বংস’ করতে চানট্রাম্প-পুতিন বৈঠক ইউরোপের জন্য নির্মম সতর্কবার্তাট্রাম্প-পুতিন বৈঠকের ফলাফল কী হবেএমন কিছু ঘটলে, যাঁরা একটি নতুন ইয়াল্টা সম্মেলনের আশঙ্কা করেছিলেন, ট্রাম্প সেই ত্রিপক্ষীয় বৈঠক থেকে বেরিয়ে তাঁদের সবচেয়ে বড় ভয়কেই সত্য প্রমাণ করবেন। সি এবং পুতিনের কাছে নতি স্বীকার করলে ওয়াশিংটনের মিত্ররা বিচ্ছিন্ন হয়ে পড়বে, আমেরিকার দুর্বলতা প্রকাশ পাবে এবং বৈশ্বিক প্রতিরোধক্ষমতা ক্ষুণ্ণ হবে।
আগামী সপ্তাহের শীর্ষ সম্মেলন রাতারাতি পরাশক্তিগুলোর সহযোগিতার কোনো নতুন যুগের সূচনা করবে না। এমনকি এটি থেকে কোনো সুনির্দিষ্ট ফলাফলও না আসতে পারে। তবু এই বৈঠক একটি মূল্যবান দৃষ্টান্ত স্থাপন করবে।
কেবল সি এবং পুতিনের সঙ্গে এক টেবিলে বসার মাধ্যমেই ট্রাম্প একটি অত্যন্ত প্রয়োজনীয় ত্রিপক্ষীয় সংলাপের সূচনা করবেন।
চার্লস কাপচান জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক।
ফরেন অ্যাফেয়ার্স থেকে সংক্ষেপে অনূদিত।

Source - www.prothomalo.com ↗