Bangladesh · 2026-11-16 09:27:15

ডিসেম্বরে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
কারও পাল্টা কর্মসূচি কিংবা পাড়া-মহল্লায় সতর্ক পাহারা নয়, বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে নিজস্ব রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সঙ্গে বিএনপি এবং তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্র জানায়, ডিসেম্বরজুড়ে বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল পৃথক কর্মসূচি পালন করবে। এর মধ্য দিয়ে দল ও অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা বাড়ানো এবং নেতাকর্মীদের মাঠে সক্রিয় রাখতে চায় বিএনপির শীর্ষ নেতৃত্ব।

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের বিভিন্ন তৎপরতার মধ্যে বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠক সূত্র জানায়, বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। তবে এসব কর্মসূচি কোনো রাজনৈতিক দল বা পক্ষের পাল্টা কর্মসূচি হিসেবে পালন করা হবে না। একইভাবে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে অন্য দলের কর্মসূচি প্রতিহত করার মতো উদ্যোগও নেওয়া হবে না।

বিএনপির পরিকল্পনায় রয়েছে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিএনপি এবং তিন অঙ্গসংগঠন নিজেদের উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি বিএনপিপন্থি পেশাজীবী সংগঠনগুলোকেও পৃথক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে গোপালগঞ্জের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কয়েকজন নেতা। জবাবে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে বলে জানান তারেক রহমান।

দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতি ও আন্দোলনের পর ক্ষমতায় আসা বিএনপি এখন দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা বাড়াতে চায়। বিশেষ করে বিজয়ের মাসকে কেন্দ্র করে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে নেতাকর্মীদের মাঠে সক্রিয় রাখার পরিকল্পনা নিয়েছে দলটির নেতৃত্ব।

বৈঠক প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বৈঠকটি বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।’

বৈঠকে রুহুল কবির রিজভী ছাড়াও দলের পাঁচ যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী, হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরাও বৈঠকে অংশ নেন।

Source - www.bd24live.com ↗