তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ সোমবার (১৬ নভেম্বর) আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ড। রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে সকাল ১১টায় এ সভা শুরু হওয়ার কথা রয়েছে।
পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সপ্তম ন্যূনতম মজুরি বোর্ডের এটি তৃতীয় বৈঠক। আগের বৈঠকে শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিলেও তাৎক্ষণিক কোনো প্রস্তাব দেয়নি মালিকপক্ষ। অভ্যন্তরীণ আলোচনার জন্য সময় চেয়েছিলেন মালিক প্রতিনিধিরা। আজকের বৈঠকে তাঁদের লিখিত মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে।
এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব জমা দেয়। জবাবে মালিকপক্ষের প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলোচনা করে প্রস্তাব দেওয়ার জন্য সময় চান। পরে বোর্ড তাঁদের চার কার্যদিবস সময় বেঁধে দেয়।
পোশাক শ্রমিকদের ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব, আজ মালিকপক্ষের সিদ্ধান্ত

মজুরি প্রস্তাব চূড়ান্ত করতে গতকাল সন্ধ্যায় কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারাও নিজেদের মধ্যে বৈঠক করেছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে পোশাক শ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
Source - www.bd24live.com ↗