জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার প্রশ্ন করার সময় সরকারি দলের কয়েকজন সদস্যের টিপ্পনী ও হইচই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির আরেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ ঘটনাকে একজন সংসদ সদস্যের মর্যাদা ও বিশেষ অধিকার ক্ষুণ্নের শামিল উল্লেখ করে স্পিকারের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিয়ে এ বিষয়ে স্পিকারের রুলিং চান শাহজাহান চৌধুরী।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ কারও করা উচিত নয়। কোনো সদস্যের বক্তব্যে আপত্তিকর শব্দ থাকলে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে। প্রয়োজনে অন্য সদস্যদেরও জবাব দেওয়ার সুযোগ দেওয়া হবে।
আমির হামজার প্রশ্নের সময় সরকারি দলের টিপ্পনী, সম্মান ক্ষুণ্নের অভিযোগ জামায়াত এমপির

এর আগে মাগরিবের বিরতির আগে সংসদের প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করেন আমির হামজা। ডেপুটি স্পিকার তাঁর নাম ঘোষণার পর সরকারি দলের কয়েকজন সংসদ সদস্যকে হইচই করতে দেখা যায়। এ সময় মাইক ছাড়াও কয়েকজনকে মন্তব্য করতে শোনা যায়। পরে আমির হামজার প্রশ্নের জবাব দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। এরপর একটি সম্পূরক প্রশ্নও করেন তিনি।
বিরতির পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে শাহজাহান চৌধুরী বলেন, আমির হামজা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ওয়ায়েজিন। তিনি প্রশ্ন করার সময় কয়েকজন সংসদ সদস্য যেভাবে তাঁকে নিয়ে মন্তব্য করেছেন এবং সংসদে শব্দ করেছেন, তা একজন সংসদ সদস্যের বিশেষ অধিকার ও মর্যাদা ক্ষুণ্ন করার শামিল। এ ধরনের আচরণ বন্ধে স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
Source - www.bd24live.com ↗