Bangladesh · 2026-11-16 08:47:11

ঘনিয়ে আসছে শীত, স্বাদে-ঘ্রাণে মেতে উঠুন জনপ্রিয় ১০ পিঠায়

ঘনিয়ে আসছে শীত, স্বাদে-ঘ্রাণে মেতে উঠুন জনপ্রিয় ১০ পিঠায়
শীতের আগমনী বার্তা মানেই বাঙালির ঘরে ঘরে পিঠা তৈরির প্রস্তুতি। পিঠা বাঙালির খাদ্যসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হলেও শীতকালে এর আয়োজন যেন পায় ভিন্ন মাত্রা। নতুন ধান, খেজুরের গুড়, নারকেল আর চালের গুঁড়ার ম ম গন্ধে মুখর হয়ে ওঠে গ্রাম থেকে শহরের প্রতিটি জনপদ। বাড়িতে বাড়িতে পিঠা তৈরির পাশাপাশি রাস্তার পাশে বসে মৌসুমি পিঠার দোকান। কোথাও আবার আয়োজন করা হয় পিঠা উৎসব ও মেলার।

চিতই, ভাপা, পাটিসাপটা থেকে শুরু করে দুধ পুলি—শীতের প্রতিটি পিঠার রয়েছে আলাদা স্বাদ ও ঐতিহ্য। চলুন, জেনে নেওয়া যাক শীতের জনপ্রিয় ১০ পিঠার কথা।

১. চিতই পিঠা

বাঙালির পরিচিত ও জনপ্রিয় পিঠাগুলোর মধ্যে চিতই অন্যতম। চালের গুঁড়া ও পানি দিয়ে তৈরি এ পিঠা দেখতে সাধারণত গোলাকার। মাটির খোলায় কিংবা বিশেষ ছাঁচে তৈরি করা হয় চিতই। গরম গরম চিতইয়ের সঙ্গে সরিষা, শুঁটকি, বেগুন, ধনেপাতা কিংবা বিভিন্ন ধরনের ভর্তা বেশ উপাদেয়। অনেকে মাংসের ঝোল দিয়েও এ পিঠা খেতে পছন্দ করেন।

২. দুধ চিতই

চিতই পিঠারই মিষ্টি সংস্করণ দুধ চিতই। ছোট ছোট চিতই পিঠা ঘন দুধে ভিজিয়ে তৈরি করা হয় এ সুস্বাদু খাবার। দুধের সঙ্গে চিনি বা খেজুরের গুড় মিশিয়ে স্বাদ বাড়ানো হয়। কোথাও কোথাও খেজুরের রস জ্বাল দিয়ে তৈরি করা হয় বিশেষ দুধ চিতই। শীতের সকালে কিংবা বিকেলের নাশতায় এ পিঠার জুড়ি নেই।

৩. ভাপা পিঠা

শীতের পিঠার কথা উঠলে সবার আগে যে নামটি মনে পড়ে, তা হলো ভাপা পিঠা। চালের গুঁড়ার সঙ্গে খেজুরের গুড় ও নারকেল দিয়ে তৈরি এ পিঠা বিশেষ পাত্রে ভাপে সিদ্ধ করা হয়। নরম ও সুগন্ধি ভাপা পিঠার ভেতরে থাকে গুড় ও নারকেলের মিষ্টি পুর। শীতের সকালে রাস্তার পাশে ধোঁয়া ওঠা ভাপা পিঠার দোকান যেন বাঙালির শীত উদ্‌যাপনের পরিচিত দৃশ্য।

৪. পাটিসাপটা

শীতের মিষ্টি পিঠার তালিকায় পাটিসাপটার জনপ্রিয়তা বেশ। চালের গুঁড়া, ময়দা, সুজি, দুধ ও চিনি দিয়ে পাতলা গোলা তৈরি করে তাওয়ায় ছড়িয়ে দেওয়া হয়। এরপর নারকেল, ক্ষীর বা গুড়ের পুর দিয়ে রোল করে তৈরি করা হয় পাটিসাপটা। নরম আবরণ আর মিষ্টি পুরের সমন্বয়ে এ পিঠা শিশু থেকে বয়স্ক—সবার কাছেই সমান প্রিয়।

৫. দুধ পুলি

দুধ পুলি শীতের আরেকটি ঐতিহ্যবাহী মিষ্টি পিঠা। চালের গুঁড়ার খোলসের ভেতরে নারকেল ও গুড়ের পুর দিয়ে তৈরি করা হয় পুলি। পরে তা ঘন মিষ্টি দুধে জ্বাল দিয়ে রান্না করা হয়। দুধের সঙ্গে এলাচের সুগন্ধ পিঠার স্বাদ আরও বাড়িয়ে দেয়। শীতের পারিবারিক আয়োজন ও অতিথি আপ্যায়নে দুধ পুলির কদর রয়েছে।

৬. মালপোয়া

মালপোয়া ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় ঐতিহ্যবাহী মিষ্টি পিঠা। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ বিভিন্ন অঞ্চলে শীতকাল ও উৎসব-পার্বণে এটি তৈরি করা হয়। ময়দা, সুজি, দুধ, চিনি বা গুড় দিয়ে তৈরি গোলা গরম তেল বা ঘিতে ভেজে মালপোয়া বানানো হয়। স্বাদ ও সুগন্ধ বাড়াতে মৌরি, এলাচ কিংবা অন্যান্য মসলা ব্যবহার করা হয়। কোথাও কোথাও ভাজার পর চিনির সিরায় ডুবিয়েও পরিবেশন করা হয় এ পিঠা।

৭. বিবিখানা পিঠা

বাংলাদেশের বিক্রমপুর ও বৃহত্তর শরীয়তপুর অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা বিবিখানা। দীর্ঘদিনের আঞ্চলিক খাদ্যসংস্কৃতির অংশ এ পিঠা স্বাদ ও তৈরির পদ্ধতিতে বেশ স্বতন্ত্র। চালের গুঁড়া, ময়দা, গুড়, ডিম, নারকেল, দুধ ও ঘি দিয়ে তৈরি করা হয় এটি। এলাচ, দারুচিনি ও বেকিং পাউডারও ব্যবহার করা হয়। সাধারণত চুলায় বা বিশেষ পদ্ধতিতে বেক করে তৈরি করা হয় বিবিখানা। নরম ও সুগন্ধি এ পিঠা শীতের আয়োজনকে করে তোলে আরও বিশেষ।

৮. খোলাজালি পিঠা

দক্ষিণ-পূর্ব বাংলাদেশের নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চলে খোলাজালি পিঠার বেশ জনপ্রিয়তা রয়েছে। চালের গুঁড়া, লবণ, ডিম ও কুসুম গরম পানি দিয়ে তৈরি গোলা গরম খোলায় ছড়িয়ে এ পিঠা বানানো হয়। পাতলা ও জালির মতো গঠনের কারণে এর নাম খোলাজালি। মাংসের ঝোল, নারকেল-গুড় কিংবা বিভিন্ন ভর্তার সঙ্গে এ পিঠা খেতে দারুণ লাগে। অঞ্চলভেদে তৈরির পদ্ধতি ও পরিবেশনায় কিছুটা ভিন্নতাও দেখা যায়।

৯. পাকান পিঠা

শীতের পিঠার তালিকায় পাকান পিঠারও রয়েছে বিশেষ জায়গা। চালের গুঁড়া দিয়ে তৈরি মণ্ড থেকে বিভিন্ন নকশায় পিঠা বানিয়ে তেলে ভাজা হয়। এরপর চিনির বা গুড়ের সিরায় ডুবিয়ে তৈরি করা হয় মিষ্টি পাকান পিঠা। এর গায়ে শৈল্পিক নকশা থাকে, যা পিঠাটিকে দেখতে আকর্ষণীয় করে তোলে। গ্রামবাংলার শীতকালীন উৎসব ও পারিবারিক আয়োজনে এ পিঠার প্রচলন রয়েছে।

১০. চন্দ্রপুলি

নারকেল ও গুড়ের মিষ্টি পুরে তৈরি চন্দ্রপুলি বাঙালির ঐতিহ্যবাহী পিঠার একটি। চালের গুঁড়া দিয়ে তৈরি খোলসের মধ্যে নারকেল ও গুড়ের পুর ভরে অর্ধচন্দ্রাকৃতির নকশা দেওয়া হয়। এরপর ভাপে সিদ্ধ কিংবা বিশেষ পদ্ধতিতে রান্না করা হয়। নামের মতোই দেখতে চাঁদের আকৃতির এ পিঠা স্বাদে যেমন মিষ্টি, দেখতেও তেমন আকর্ষণীয়।

শীতের পিঠা শুধু খাবার নয়, বাঙালির ঐতিহ্য, পারিবারিক বন্ধন ও উৎসবেরও অংশ। তাই শীতের আমেজ বাড়তে শুরু করলেই প্রিয়জনদের সঙ্গে পিঠা তৈরির আয়োজন হতে পারে ঋতুটিকে উপভোগ করার দারুণ উপলক্ষ।

Source - www.bd24live.com ↗