Bangladesh · 2026-11-16 10:00:00

হীরার মতো ঝলমলে মন্দিরার নতুন লুক

হীরার মতো ঝলমলে মন্দিরার নতুন লুক
হীরার মতোই ঝলমলে মন্দিরা চক্রবর্তীর সাম্প্রতিক লুক। ছবিগুলো সামাজিকযোগাযোগমাধ্যমে প্রকাশের পর প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। লুকের বিস্তারিত রইল ...
আবেদনময়তায় মন্দিরা চক্রবর্তীকে টেক্কা দেওয়া সহজ কাজ নয়। আকর্ষণীয় মুখশ্রী, সুন্দর ফিগার আর নিজস্ব স্টাইল দিয়ে এই অভিনেত্রী বারবারই মুগ্ধ করেন ভক্তদের। দেশি পোশাকে যেমন অনবদ্য, পশ্চিমা পোশাকেও তেমনই স্বচ্ছন্দ তিনি। সম্প্রতি ঝলমলে গাউনে ধরা দিয়ে আবারও নজর কেড়েছেন মন্দিরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, হীরার মতো ঝলমলে হয়ে ওঠো’। তাঁর সাম্প্রতিক এই লুক যেন সত্যিই এই কথার প্রতিফলন । ছবিগুলো প্রকাশের পর থেকেই মন্দিরা তাঁর লুকের প্রশংসায় ভাসছেন ।
মন্দিরার গাউনের মূল আকর্ষণ এর নিখুঁত কারুকাজ ও নকশার বৈচিত্র্য। রুপালি সিকুইনে মোড়ানো পুরো পোশাকজুড়ে শোভা পাচ্ছে মুক্তা, পুঁতি ও ক্রিস্টালের কাজ।
বডি হাগিং মারমেইড কাটের গাউনটির ওপরের অংশ করসেট স্টাইলের । বডিসে মুক্তা ও পুঁতির ঝালরের নকশা। নেকলাইন ও এক কাঁধ জুড়ে বসানো ফুলের মোটিফ পোশাকটিতে ভিন্ন মাত্রা দিয়েছে।হল্টার ও অফ-শোল্ডার ডিজাইনও বেশ ব্যতিক্রমী এই গাউনের।
গাউনটির ব্যাক ডিজাইনটিও সমান নজরকাড়া। শিয়ার ফ্যাব্রিকের ব্যাকের সঙ্গে ঝোলানো পুঁতি ও ক্রিস্টালের লেয়ারিং লুকটিকে আরও আবেদনময়ী করে তুলেছে। পুরো গাউন জুড়েই সিকুইন, মুক্তা এবং ক্রিস্টালের ভারী কাজ করা।
গাউনের নিচের অংশ ফিশটেল ধাঁচের। কোমর থেকে নেমে গেছে নিচের দিকে। সব মিলিয়ে সূক্ষ্ম কারুকাজে গাউনটি হয়ে উঠেছে বেশ রাজকীয়। পোশাকটি নেওয়া হয়েছে ‘জেকে ফরেন ব্র্যান্ডস’ থেকে।
মন্দিরার এই নজরকাড়া মেকআপের দায়িত্বে ছিলেন অভিরূপ ব্রাইডাল মেকওভার। চোখে স্মোকি শিমারের সঙ্গে উইংড আইলাইনার ও ঘন পাপড়ির সাজ।
গালে ব্লাশ ও হাইলাইটারের কোমল ছোঁয়া, ঠোঁটে গ্লসি ন্যুড-বাদামি লিপশেড। গাউনের ঝলমলে আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে মেকআপও রাখা হয়েছে তেমনই ।
চুল পেছনে টেনে স্লিক বান করেছেন মন্দিরা। পুরো সাজে রুপালি ঝিলিকের মধ্যে গয়নায় ছিল পান্না-সবুজের ছোঁয়া। কানে পরেছেন সবুজ পাথরের পাতার নকশার স্টাড। আঙুলে সবুজ পাথর ও মুক্তায় তৈরি ফুলের আদলের বড় একটি স্টেটমেন্ট আংটি। হাতে পরেছেন ব্রেসলেট।
রুপালি গাউনের সঙ্গে সবুজের এই বৈপরীত্য সাজে এনেছে ভিন্ন মাত্রা। সব গয়না এসেছে ব্র্যান্ড এলর থেকে।
সবশেষে গাউন ও সাজের সঙ্গে মিলিয়ে সঙ্গে নিয়েছেন ক্রিস্টালে মোড়ানো রুপালি টপ-হ্যান্ডেল ব্যাগ। ব্যাগটির সামনের দিকে নজর কাড়ছে সাপের নকশা। মন্দিরার পুরো লুকের স্টাইলিং করেছেন মাহফুজ কাদেরী। আর ছবিগুলো তুলেছেন রাকিব সিকদার।

Source - www.haal.fashion ↗