Bangladesh · 2026-11-16 09:45:00

বিয়ের জন্য ধর্ম বদল, প্রাণনাশের হুমকি, শর্মিলা ঠাকুরের অজানা অধ্যায়

বিয়ের জন্য ধর্ম বদল, প্রাণনাশের হুমকি, শর্মিলা ঠাকুরের অজানা অধ্যায়
একজন রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের মেয়ে, অন্যজন ভারতের রাজপরিবারের সন্তান ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। একজন তখন বাংলা ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী, অন্যজন ক্রিকেট মাঠের তারকা। দুই ভিন্ন জগতের দুই মানুষের প্রেম, বিয়ে এবং সংসারজীবন একসময় ভারতীয় সংবাদমাধ্যমের অন্যতম আলোচিত ঘটনা হয়ে উঠেছিল। তাঁদের প্রেমের পথে বাধা ছিল ধর্মীয় পরিচয়, পারিবারিক ঐতিহ্য এবং সমাজের রক্ষণশীলতা। শেষ পর্যন্ত বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শর্মিলা ঠাকুর। নতুন নাম হয়েছিল আয়েশা সুলতানা।
প্রায় ছয় দশক পর সেই সিদ্ধান্তের পেছনের পারিবারিক কারণ নিয়ে মুখ খুলেছেন তাঁদের মেয়ে সাবা আলী খান। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক আলাপচারিতায় সাবা জানিয়েছেন, তাঁর মা ধর্মান্তরিত হয়েছিলেন মূলত বিয়েটি সামাজিক ও পারিবারিকভাবে স্বীকৃতি পাওয়ার জন্য। তাঁর দাদি, অর্থাৎ মনসুর আলী খান পতৌদির মা, অন্যথায় এই বিয়েতে সম্মতি দিতেন না।
সাবার ভাষায়, তখনকার সামাজিক ও ধর্মীয় রীতিতে এমন বিয়ের ক্ষেত্রে ধর্মান্তরকে প্রয়োজনীয় বলে বিবেচনা করা হতো। তিনি বলেন, ‘আমার দাদি অন্য কোনোভাবে এই বিয়ে মেনে নিতেন বলে মনে হয় না।’ সাবার বক্তব্যে আরও উঠে এসেছে, সে সময় বিয়ের স্বীকৃতি ও সন্তানদের বৈধ পরিচয়ের বিষয়টিও পরিবারের কাছে গুরুত্বপূর্ণ ছিল। তাঁর ব্যাখ্যায়, ধর্মান্তর ছিল তখনকার প্রচলিত ব্যবস্থা ও ঐতিহ্যের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার একটি প্রয়োজনীয় পদক্ষেপ।
প্রেমের পথে ধর্মের দেয়াল
শর্মিলা ঠাকুর ও মনসুর আলী খান পতৌদির পরিচয় ও প্রেমের গল্প যেন সিনেমার চিত্রনাট্য। মনসুর আলী খান পরিচিত ছিলেন ‘টাইগার’ নামে। ভারতের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার হিসেবে অল্প বয়সেই খ্যাতি অর্জন করেছিলেন তিনি। ২১ বছর বয়সে ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হন। অন্যদিকে শর্মিলা তখন চলচ্চিত্রজগতে নিজের অবস্থান শক্ত করে ফেলেছেন।
১৯৬৪ সালে শক্তি সামন্তের ‘কাশ্মীর কী কলি’ দিয়ে হিন্দি সিনেমায় যাত্রা শুরু শর্মিলার। শাম্মী কাপুরের বিপরীতে অভিনয় করে দ্রুত জনপ্রিয়তা পান। এরপর ‘অ্যান ইভনিং ইন প্যারিস’, ‘অনুপমা’, ‘সত্যকাম’, ‘আরাধনা’—একটির পর একটি সিনেমায় নিজের অভিনয়প্রতিভার প্রমাণ দেন। বিশেষ করে ‘আরাধনা’ তাঁকে তারকাখ্যাতির নতুন উচ্চতায় নিয়ে যায়। রাজেশ খান্নার সঙ্গে তাঁর জুটি দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় হয়েছিল।
মনসুরের সঙ্গে শর্মিলার পরিচয় হয় ষাটের দশকে। দুজনের জীবনযাপন, পেশা ও পারিবারিক পরিবেশ ছিল আলাদা। কিন্তু সেই পার্থক্য তাঁদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। কয়েক বছর প্রেমের পর ১৯৬৮ সালের ২৭ ডিসেম্বর বিয়ে করেন তাঁরা।
শর্মিলা ঠাকুর। এএনআই বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে শর্মিলা নাম নেন আয়েশা সুলতানা। তাঁর নতুন নামের প্রস্তাব দিয়েছিলেন মনসুর নিজেই। পরে পুরোনো এক টেলিভিশন অনুষ্ঠানে সিমি গারেওয়ালের সঙ্গে আলাপচারিতায় শর্মিলা জানিয়েছিলেন, ধর্ম পরিবর্তনের বিষয়টি তাঁর জন্য খুব সহজও ছিল না, আবার অসম্ভব কঠিনও ছিল না। বিষয়টি বুঝে, উপলব্ধি করে সিদ্ধান্ত নিতে হয়েছিল। বিয়ের আগে তিনি খুব বেশি ধর্মচর্চা করতেন না। কিন্তু পরবর্তী সময়ে হিন্দুধর্ম ও ইসলাম—দুই ধর্ম সম্পর্কেই তাঁর জানাশোনা বেড়েছে।
প্রাণনাশের হুমকি, আতঙ্কে দুই পরিবার
শর্মিলা ও মনসুরের বিয়ে নিয়ে আপত্তি শুধু পরিবারের ভেতরেই সীমাবদ্ধ ছিল না। ধর্মীয় পরিচয়ের কারণে তাঁদের সম্পর্ক নিয়ে সমাজের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিয়ের আগে শর্মিলার পরিবারের কাছে প্রাণনাশের হুমকি দিয়ে টেলিগ্রাম পাঠানো হয়েছিল।
সাংবাদিক বরখা দত্তের সঙ্গে এক সাক্ষাৎকারে অতীতের সেই অভিজ্ঞতার কথা বলেছিলেন শর্মিলা। তাঁর ভাষায়, কলকাতায় বিয়ের প্রস্তুতির সময় তাঁর মা-বাবার কাছে টেলিগ্রাম আসত, যেখানে লেখা থাকত, ‘গুলি কথা বলবে’। মনসুরের পরিবারও এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল।
‘অ্যান ইভনিং ইন প্যারিস’–এ শর্মিলা ঠাকুর। আইএমডিবিশর্মিলা আরও জানিয়েছিলেন, দিল্লিতে থাকার সময় দুজন ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁরা নিজেদের সিবিআই বা সংশ্লিষ্ট কোনো সংস্থার লোক পরিচয় দিয়ে জানতে চেয়েছিলেন, তাঁর নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা প্রয়োজন কি না। শর্মিলা তখন বিষয়টি নিয়ে খুব একটা বিচলিত হননি। তাঁর মনে হয়েছিল, পরিস্থিতি নিয়ে অন্যরা যতটা উদ্বিগ্ন, তিনি নিজে ততটা নন।
শেষ পর্যন্ত অবশ্য বিয়ে ও সংবর্ধনা নির্বিঘ্নেই সম্পন্ন হয়। দুই পরিবারের উদ্বেগ ও বাইরের বিরোধিতা সত্ত্বেও একসঙ্গে জীবন শুরু করেন শর্মিলা ও মনসুর।
নাম বদলালেও বদলায়নি পরিচয়
ধর্ম পরিবর্তনের পরও নিজের পেশাগত পরিচয় বদলাননি শর্মিলা। সিনেমার পর্দায় তিনি শর্মিলা ঠাকুর হিসেবেই পরিচিত ছিলেন। এ বিষয়ে তাঁর মেয়ে সোহা আলী খানও আগে কথা বলেছেন। সোহা জানিয়েছেন, কখনো কখনো তাঁর মা নথিপত্রে আয়েশা লিখতেন, আবার কখনো শর্মিলা। তবে অভিনয়জগতে সব সময় শর্মিলা ঠাকুর নামটিই ব্যবহার করেছেন।
সাবা আলী খান। ইনস্টাগ্রাম থেকে সাবার সাম্প্রতিক বক্তব্যেও উঠে এসেছে, মনসুর ছিলেন উদার মানসিকতার মানুষ। স্ত্রীকে নিজের নাম বা পেশাগত পরিচয় পরিবর্তনের জন্য তিনি চাপ দেননি। পাসপোর্টসহ সরকারি নথিপত্রেও শর্মিলাকে নাম বদলাতে বাধ্য করা হয়নি। সাবার মতে, ধর্মান্তরের সিদ্ধান্ত তাঁর মায়ের ব্যক্তিত্ব কিংবা পেশাগত জীবনে কোনো বাধা তৈরি করেনি।
‘আরাধনা’, ‘সফর’, ‘অমর প্রেম’, ‘দাগ’ ও ‘মৌসম’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শক্তিশালী অভিনেত্রী হিসেবে। ১৯৭৫ সালে ‘মৌসম’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। পরে ‘আবার অরণ্যে’ সিনেমার জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি পান।
সেই বিকিনি ফটোশুট নিয়ে শর্মিলা বললেন, ‘আইডিয়াটা আমারই ছিল’ধর্মীয় পরিচয়ের চেয়ে বড় ছিল স্বাধীনতা
শর্মিলা ও মনসুরের সংসারে ধর্ম নিয়ে কঠোর অনুশাসন ছিল না—সাবার বক্তব্যে উঠে এসেছে এমন একটি চিত্রও। সাবা জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে ইসলাম ধর্ম অনুসরণ করেন। তাঁর মা তাঁকে ইসলাম, রমজান ও ধর্মীয় আচার সম্পর্কে শিখিয়েছেন। তবে কোন ধর্ম কীভাবে অনুসরণ করবেন, সেই সিদ্ধান্ত সন্তানদের ওপরই ছেড়ে দিয়েছিলেন মা–বাবা।
পরিবারে ঈদ, দীপাবলি, হোলিসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব উদ্‌যাপিত হতো। ক্রিসমাসও বাদ যেত না। সাবার মতে, ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়। কাউকে জোর করে কোনো বিশ্বাসের মধ্যে আটকে রাখা উচিত নয়।
এর আগে ২০২৬ সালের আগস্টে ‘বিগ বলিউড বাফস’ নামের ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারেও সাবা বলেছিলেন, তাঁর মা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং সন্তানদের ধর্মীয় শিক্ষা দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত প্রত্যেকে নিজের মতো করে বিশ্বাস অনুসরণের স্বাধীনতা পেয়েছেন।
৪৩ বছরের দাম্পত্য, ২০১১ সালে বিচ্ছেদ
শর্মিলা ও মনসুরের সংসারে জন্ম নেয় তিন সন্তান—সাইফ আলী খান, সাবা আলী খান ও সোহা আলী খান। তিনজনই পরবর্তী সময়ে নিজ নিজ ক্ষেত্রে পরিচিতি পেয়েছেন। সাইফ ও সোহা অভিনয়জগতে কাজ করছেন, আর সাবা গয়নার নকশা ও সংগ্রহের সঙ্গে যুক্ত।
মনসুর ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত কাজে যুক্ত ছিলেন। অন্যদিকে শর্মিলা অভিনয়ের পাশাপাশি সংসার সামলেছেন, সন্তানদের বড় করেছেন এবং নিজের কর্মজীবনও এগিয়ে নিয়েছেন। তাঁদের দাম্পত্যে পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীনতার বিষয়টি বিভিন্ন সাক্ষাৎকারে উঠে এসেছে।
২০১১ সালের ২২ সেপ্টেম্বর ৭০ বছর বয়সে মারা যান মনসুর আলী খান পতৌদি। দীর্ঘ ৪৩ বছরের দাম্পত্যের অবসান ঘটে তাঁর মৃত্যুর মধ্য দিয়ে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

Source - www.prothomalo.com ↗