গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন তাঁরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে এ বিক্ষোভ শুরু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুন কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে দুই কারখানার শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখেন।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে যান।
কোনাবাড়ীতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, দুটি কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়।
তিনি আরও জানান, শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Source - www.bd24live.com ↗