Bangladesh · 2026-11-16 09:45:04

২০৩১ বিশ্বকাপ বাংলাদেশ-ভারতে

২০৩১ বিশ্বকাপ বাংলাদেশ-ভারতে
২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের বৈশ্বিক টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ঘোষিত সূচি অনুযায়ী, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। একই সঙ্গে বিভিন্ন টুর্নামেন্টের সময়সূচি, বাছাইপর্বের কাঠামো ও মূল আসরে অংশগ্রহণের পথও অনুমোদন করেছে সংস্থাটি।

রোববার ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। অনুমোদিত সূচিতে ২০২৮ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে ২০৩৫ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বড় আসরগুলোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

সূচি অনুযায়ী, ২০২৮ সালের ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। ২০২৯ সালের ৮ থেকে ১২ জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। একই বছরের ৯ থেকে ২৮ অক্টোবর ভারতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

২০৩০ সালের ৪ জুলাই থেকে ৪ আগস্ট ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। ২০৩১ সালের ১২ থেকে ১৬ জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এরপর ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ।

২০৩২ সালের ১৪ অক্টোবর থেকে ১৪ নভেম্বর টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সময় নির্ধারণ করা হয়েছে। ২০৩৩ সালের ৯ থেকে ১৩ জুন হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। একই বছরের ২ থেকে ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০৩৪ সালের ৬ জুলাই থেকে ৬ আগস্ট হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। আর ২০৩৫ সালের ৭ থেকে ১১ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ২ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তবে এসব আসরের আয়োজক দেশ এখনো চূড়ান্ত করেনি আইসিসি।

এদিকে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের কাঠামোও চূড়ান্ত করেছে আইসিসি। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ১০ দলকে নিয়ে হবে এ প্রতিযোগিতা। দুই গ্রুপে পাঁচটি করে দল ভাগ হয়ে খেলবে। এরপর সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে নির্ধারিত হবে মূল বিশ্বকাপে জায়গা পাওয়া চার দল। বাছাইপর্বের চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপের গ্রুপপর্বে খেলবে। বাকি তিন দল সুপার সিরিজে অংশ নেবে। সেখান থেকে নির্ধারিত হবে গ্রুপপর্বের শেষ দল।

২০২৮ সালের ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য বৈশ্বিক বাছাইপর্বে খেলবে ১৬ দল। ২০২৮ সালের শুরুর দিকে হতে যাওয়া এ বাছাইপর্বে অনুষ্ঠিত হবে ৩১টি ম্যাচ। চার গ্রুপে ভাগ হয়ে খেলার পর হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। প্রতিযোগিতা থেকে আটটি দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। আঞ্চলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতেও বাকি দলগুলো নির্বাচন করা হবে।

মেয়েদের ২০২৮ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আঞ্চলিক দল বরাদ্দও নিশ্চিত করেছে আইসিসি। ২০২৬ সালের আসরে খেললেও সরাসরি ২০২৮ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারেনি নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। ফলে তাদের বৈশ্বিক বাছাইপর্বে খেলতে হবে। তাদের সঙ্গে যুক্ত হবে আঞ্চলিক বাছাইপর্ব থেকে উঠে আসা আট দল।

২০২৭ সালে পাঁচটি আঞ্চলিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। আফ্রিকা, এশিয়া ও পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে দুটি করে এবং আমেরিকা ও ইউরোপ অঞ্চল থেকে একটি করে দল সুযোগ পাবে। বৈশ্বিক বাছাইপর্বের শীর্ষ দুই দল পাবে বিশ্বকাপের চূড়ান্ত টিকিট।

এদিকে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের বাছাইপর্বের আয়োজক দেশ ও সময়সূচিও ঘোষণা করেছে আইসিসি। ছেলেদের বাছাইপর্ব হবে বাংলাদেশে, ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি। মেয়েদের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে, ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ।

দুই বাছাইপর্বেই অংশ নেবে আটটি করে দল। দুই গ্রুপে চারটি করে দল ভাগ হয়ে খেলবে। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য তিন দলের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ফাইনালে। ফাইনালে জয়ী দলই পাবে অলিম্পিকে খেলার টিকিট।

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্তা বলেছেন, ‘বৈশ্বিক ক্রিকেটের কাঠামোকে আরও শক্তিশালী করতে টুর্নামেন্টের সূচি ও বাছাইপর্বের পথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘমেয়াদি সূচি খেলোয়াড় ও সদস্য দেশগুলোকে পরিকল্পনা সাজানোর সুযোগ দেবে। পাশাপাশি উন্নত খেলোয়াড় তৈরির প্রক্রিয়া, উচ্চমানের প্রস্তুতি এবং সুসংগঠিত আন্তর্জাতিক ক্যালেন্ডার গড়ে তুলতেও সহায়তা করবে।’

Source - www.bd24live.com ↗