ইসরায়েলের সদ্যসমাপ্ত নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন দেশটির বিরোধী নেতা গাদি আইজেনকট। তিনি বলেছেন, নেতানিয়াহু আর এক মিনিটও সরকারপ্রধানের দায়িত্বে থাকতে পারেন না।
রোববার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আইজেনকট। সোমবার (১৬ নভেম্বর) আলজাজিরা ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন আইজেনকট। এর কয়েক ঘণ্টা আগে দুই নেতার প্রতিনিধিরা জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে বৈঠক করেন।
আইজেনকট এক্সে লেখেন, বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে।
আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না নেতানিয়াহু: আইজেনকট

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে অভিযোগ করা হয়, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নরডেন ইউনাইটেড আরব লিস্ট (রাআম) দলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন। এ সময় নেতানিয়াহুর কার্যালয়ের সাবেক এক কর্মীকে গোয়েন্দা তথ্যের উৎস হিসেবে পুলিশের কাছে উপস্থাপন করা হয়।
ওই সূত্রের তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ সদস্য কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই রাআমের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ঘুষ দিয়ে ভোটারদের প্রভাবিত করার সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে পরে পুলিশ ওই তথ্যের সত্যতা না পাওয়ায় তিনজনকে ছেড়ে দেয়।
নির্বাচনের দিন আরব নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে প্রচার চালিয়েছিলেন নেতানিয়াহু। দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয় পাওয়ার পরও তিনি নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি নির্বাচনের দিন পাঁচজন ফিলিস্তিনি-ইসরায়েলি সংসদ সদস্যের ওপর নজরদারির জন্য ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিলেন। তবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সেই আবেদন প্রত্যাখ্যান করে।
আইজেনকট এ ঘটনায় অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি পুলিশ ও শিন বেতের কাছে প্রকাশিত অভিযোগগুলোর বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন তিনি।
অন্যদিকে নেতানিয়াহুর দল লিকুদ আইজেনকটের বক্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘উসকানিমূলক’ বলে আখ্যা দিয়েছে।
উল্লেখ্য, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন আইজেনকট। তবে নেতানিয়াহুর লিকুদ পার্টি কিংবা আইজেনকটের জোট—কোনোটিই এখন পর্যন্ত সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি। জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চললেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
Source - www.bd24live.com ↗