Bangladesh · 2026-11-16 11:17:42

রিয়াদ বিমানবন্দর ও বাণিজ্য কেন্দ্র লক্ষ্য করে হুথিদের দুই মিসাইল হামলা

রিয়াদ বিমানবন্দর ও বাণিজ্য কেন্দ্র লক্ষ্য করে হুথিদের দুই মিসাইল হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও একটি আর্থিক কেন্দ্র লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। রোববার (১৫ নভেম্বর) গোষ্ঠীটির পক্ষ থেকে এ দাবি করা হয়। তবে ক্ষেপণাস্ত্র দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, হুথিদের দাবি অনুযায়ী, রিয়াদের বিমানবন্দর ও আর্থিক কেন্দ্র লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

এদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। একই দিন সৌদি আরবের পূর্বাঞ্চলে তিনটি ড্রোনও ভূপাতিত করার দাবি করেছে জোটটি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এর আগের দিনও সৌদি আরবের রিয়াদ ও দক্ষিণাঞ্চলে দুটি সন্দেহভাজন হুথি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছিল জোট। সাম্প্রতিক সময়ে দেশটির বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা বেড়েছে।

অন্যদিকে, হুথিরা সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের দুটি পাম্পিং স্টেশন লক্ষ্য করে ড্রোন হামলার দাবিও করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের (আইএসডব্লিউ) প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। তবে এসব হামলার সফলতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ইয়েমেনের অভ্যন্তরেও সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। লাহজ প্রদেশে সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে ১৩ ও ১৪ নভেম্বর একাধিক দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানিয়েছে আইএসডব্লিউ।

আল জাজিরা জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যে ইয়েমেনের বিভিন্ন এলাকায় সংঘাত আরও তীব্র হয়েছে। এতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

Source - www.bd24live.com ↗