শীতের শুরুতেই সবজির বাজারে ঊর্ধ্বগতি। এক দিনের ব্যবধানে নাটোরের পাইকারি বাজারে অধিকাংশ শীতকালীন সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। এতে কিছুটা বিপাকে পড়েছেন ক্রেতারা। তবে দীর্ঘদিন লোকসানে সবজি বিক্রির পর দাম বাড়ায় স্বস্তি ফিরেছে কৃষকদের মধ্যে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে সবচেয়ে বড় পাইকারি সবজির আড়ৎ রেলওয়ে স্টেশন বাজারে দেখা যায়, প্রায় সব ধরনের শীতকালীন সবজির দাম বেড়েছে। গতকাল প্রতি কেজি ফুলকপি ২০ থেকে ২৫ টাকা থাকলেও আজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। বাঁধাকপি প্রতি পিস ২৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা।
এছাড়া করলা কেজিতে ৫০ টাকা থেকে বেড়ে ৭০ টাকা, শিম ১০ টাকা বেড়ে ৭০ থেকে ১০০ টাকা এবং লাউয়ের দাম বেড়েছে ১৫ টাকা। গাজর ও টমেটোর দামও কেজিতে বেড়েছে ২০ টাকা। তবে ব্যতিক্রম আলু। দাম কমে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়।
নাটোরে এক দিনের ব্যবধানে বেড়েছে শীতের সবজির দাম

হঠাৎ সবজির দাম বাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ক্রেতাদের মধ্যে। তাদের মতে, শীত মৌসুমে বাজারে সবজির সরবরাহ বেশি থাকার কথা। ফলে এ সময়ে দাম বাড়ায় বাড়তি খরচের চাপ পড়ছে সাধারণ মানুষের ওপর।
অন্যদিকে দাম কিছুটা বাড়ায় স্বস্তি ফিরেছে কৃষকদের মধ্যে। তারা বলছেন, দীর্ঘদিন উৎপাদন খরচের তুলনায় কম দামে সবজি বিক্রি করতে হয়েছে। বর্তমান দাম অব্যাহত থাকলে কিছুটা লাভের মুখ দেখতে পারবেন তারা।
গত দুই দিন ধরে আকাশ মেঘলা থাকায় কৃষকরা জমি থেকে তুলনামূলক কম সবজি সংগ্রহ করছেন। এতে বাজারে সরবরাহ কিছুটা কমেছে। যার প্রভাব পড়েছে সবজির দামে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে বাজারে সরবরাহ বাড়বে, পাশাপাশি দামও কমে আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
Source - www.bd24live.com ↗