Bangladesh · 2026-11-16 15:07:13

পৃথক মামলায় মমতাজসহ তিনজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ

পৃথক মামলায় মমতাজসহ তিনজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ
জুলাই গণ–অভ্যুত্থানকালের পৃথক দুটি হত্যাচেষ্টা ও হত্যা মামলায় আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, তাঁর সাবেক স্বামী রমজান আলী মাদবর ও নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
রাজধানীর মিরপুর মডেল থানার এসব মামলায় আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ভার্চ্যুয়ালি শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ প্রথম আলোকে এ তথ্য জানান।
হারুন অর রশিদ বলেন, আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর ভার্চ্যুয়ালি শুনানি হয়। শুনানি নিয়ে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, জুলাই গণ–অভ্যুত্থানকালে ওমর ফারুক শাকিল নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে মিরপুর মডেল থানায় মামলা হয়। মামলায় মমতাজ বেগম ও রমজান আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুল ইসলাম। জুলাই গণ–অভ্যুত্থানকালে তোফাজ্জল হোসেন খান হত্যার ঘটনায় একই থানায় মামলা হয়। এই মামলায় আশিকা সুলতানাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মো. সামছুদ্দোহা।
গ্রেপ্তার দেখানোর আবেদনগুলোয় বলা হয়, এসব মামলার ঘটনার সঙ্গে আসামিদের জড়িত থাকার সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
কারাগারে থাকা আসামিদের আজ আদালতের ভার্চ্যুয়াল শুনানিতে হাজির করা হয়। শুনানি নিয়ে আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।
একটি মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বেলা ১১টার দিকে মিরপুর–১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় শাকিল গুলিবিদ্ধ হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তাঁর অস্ত্রোপচার হয়।
সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাএ ঘটনায় মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা হয়।
অন্য মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেল ৫টার দিকে মিরপুর–১০ নম্বর থেকে মিরপুর–২ নম্বরের দিকে বিজয় মিছিলে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন তোফাজ্জল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় শেখ হাসিনার নাম উল্লেখ করে মামলা করে নিহত ব্যক্তির পরিবার।
কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ২০২৬ সালে ২৫ জুন মিরপুর থেকে গ্রেপ্তার হন আশিকা সুলতানা।

Source - www.prothomalo.com ↗