Bangladesh · 2026-11-16 16:24:48

বাঘ সংরক্ষণ কর্মকর্তার বাসভবনে অভিযান, ১৪ কোটির সমপরিমাণ নগদ অর্থ-স্বর্ণ জব্দ

বাঘ সংরক্ষণ কর্মকর্তার বাসভবনে অভিযান, ১৪ কোটির সমপরিমাণ নগদ অর্থ-স্বর্ণ জব্দ
বাঘ সংরক্ষণ এলাকার এক কর্মকর্তার বাসভবনে অভিযান চালিয়ে প্রায় ১৪ কোটি টাকার সমপরিমাণ স্বর্ণ, নগদ অর্থ ও সম্পদ জব্দ করেছে ভারতের দুর্নীতিবিরোধী সংস্থা লোকায়ুক্ত। জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে প্রায় ২ কোটি ৬৩ লাখ রুপি নগদ অর্থ এবং আড়াই কেজি স্বর্ণ। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।

রোববার (১৫ নভেম্বর) লোকায়ুক্তের কর্মকর্তারা সাতপুরা টাইগার রিজার্ভের সহকারী পরিচালক সঞ্জীব কুমার শর্মার সংশ্লিষ্ট তিনটি স্থানে অভিযান চালান। এর মধ্যে রয়েছে নর্মদাপুরম জেলার সরকারি বাসভবন ও কার্যালয় এবং ছিন্দওয়াড়া জেলার ব্যক্তিগত বাসভবন। আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে আদালতের পরোয়ানা নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে লাইভমিন্ট জানিয়েছে, অভিযানে প্রায় ২ কোটি ৬৩ লাখ রুপি নগদ অর্থের পাশাপাশি আড়াই কেজি স্বর্ণ পাওয়া গেছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৬৮ লাখ টাকা। এ ছাড়া ১ দশমিক ৬ কেজি রুপাও উদ্ধার করা হয়েছে। এর মূল্য প্রায় ২ লাখ ৯০ হাজার রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৮৭ হাজার টাকা।

তদন্তকারীরা সঞ্জীবের সঙ্গে সংশ্লিষ্ট দুটি আবাসন ও পর্যটন প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছেন। এর মধ্যে ইকোটেল রিসোর্টের আনুমানিক মূল্য ২ কোটি রুপি এবং সেরেনিটি দ্য ভিলা নামের স্থাপনাটির মূল্য ১ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় এ দুটি সম্পত্তির মোট আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি ১ লাখ টাকা। তবে সম্পত্তিগুলোর আনুষ্ঠানিক মূল্যায়ন এখনো সম্পন্ন হয়নি।

এ ছাড়া ২৮টি জমি কেনাবেচার নথি এবং চারটি যানবাহনের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। যানবাহনগুলোর আনুমানিক মূল্য ৩১ লাখ ২০ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ লাখ ৬৮ হাজার টাকা। বাড়ির আসবাবপত্র ও অন্যান্য সামগ্রীর মূল্য ধরা হয়েছে প্রায় ৫০ লাখ রুপি।

লোকায়ুক্তের প্রাথমিক হিসাব অনুযায়ী, সঞ্জীবের সম্পদের পরিমাণ তাঁর বৈধ আয়ের তুলনায় ৫৬০ শতাংশ বেশি। তাঁর স্ত্রী ও অন্যদের নামেও কিছু সম্পদ কেনা হয়েছে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: লাইভমিন্ট ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

Source - www.bd24live.com ↗