Bangladesh · 2026-11-16 15:37:42

লালমনিরহাটে সার পাচারের চেষ্টার দায়ে ব্যবসায়ীর ৭ দিনের কারাদণ্ড

লালমনিরহাটে সার পাচারের চেষ্টার দায়ে ব্যবসায়ীর ৭ দিনের কারাদণ্ড
লালমনিরহাট সদর উপজেলায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার অভিযোগে এরশাদ আলী (৪০) নামের এক সার ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার হারাটি ইউনিয়নের মহেন্দ্রনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত এরশাদ আলী সদর উপজেলার হারাটি ইউনিয়নের বড়নতল এলাকার খয়বর আলীর ছেলে। পেশায় তিনি একজন কীটনাশক ও সার ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের আলো ফোটার আগে গোপন পয়েন্ট থেকে তিনটি ইজিবাইকে করে ৪৫ বস্তা ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার অন্যত্র পাচার করছিলেন ব্যবসায়ী এরশাদ আলী। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ইজিবাইকগুলোর গতি রোধ করেন এবং তল্লাশি চালিয়ে সারসহ গাড়িগুলো আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনীতা দাস তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে তিনটি ইজিবাইকসহ মোট ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। পরে সার পাচারের সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত ব্যবসায়ী এরশাদ আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন তিনি।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনোনীতা দাস বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনটি ইজিবাইক থেকে ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। সার পাচারের অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও জানান, জব্দ করা সার পরবর্তীতে কোনো রকম অপচয় বা জটিলতা না রেখে স্থানীয় কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে।

Source - www.bd24live.com ↗