মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী সোহেল রানাকে অনেক ভয় পেতেন তাঁর স্ত্রী স্বপ্না আক্তার। এ কারণে শিশু রামিসা হত্যাকাণ্ডে তিনি স্বামীকে সহযোগিতা করেন বলে শুনানিতে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে সোহেল রানা ও স্বপ্নার আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানিতে এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী।
এর আগে একই দিন সকাল ১০টা ৪০ মিনিটের দিকে হাইকোর্টের এই বেঞ্চে রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল ও স্বপ্নার আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। এর আগে গত ৭ জুন মামলার প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত।
রামিসা হত্যাকাণ্ডে স্বপ্নার ভূমিকা নিয়ে হাইকোর্টে নতুন তথ্য

গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেলের ঘর থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পরদিন সোহেল, তাঁর স্ত্রী স্বপ্না এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।
মামলার বিবরণ অনুযায়ী, সোহেল রামিসাকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। তদন্তকারীরা জানান, ঘটনার পর সোহেল শিশুটিকে গলা কেটে হত্যা করেন এবং অপরাধ ধামাচাপা দিতে মরদেহ টুকরো করার চেষ্টা করেন।
গত ২৪ মে আলোচিত এ মামলায় পল্লবী থানার উপপরিদর্শক ও তদন্ত কর্মকর্তা ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে, তাঁর স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য দেওয়া এবং স্বামীকে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়।
অভিযোগপত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টা পরই আদালত মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন। পরবর্তী সময়ে মাত্র ১৯ দিনে আলোচিত এ মামলার বিচারকাজ শেষ হয়।
Source - www.bd24live.com ↗