Bangladesh · 2026-11-16 17:12:32

কুমিল্লায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত

কুমিল্লায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত
কুমিল্লায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে সুফিয়া বেগম নামের এক নারীর ‍মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক। নিহত সুখিয়া বেগম (৪২) দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকার মালেক ফকিরের মেয়ে। তার প্রাক্তন স্বামী শরিফ মিয়া (৩৫) একই গ্রামের মধ্যপাড়া এলাকার তাজু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, প্রায় নয় বছর আগে পারিবারিকভাবে শরিফের সঙ্গে সুখিয়ার বিয়ে হয়। তবে শরিফের মাদক সেবন ও পারিবারিক কলহের কারণে তাদের সংসারে অশান্তি দেখা দেয়। একপর্যায়ে পাঁচ মাস আগে তাদের বিচ্ছেদ হয়। তাদের আট বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বিচ্ছেদের পর মেয়েকে নিজের কাছে রাখতে চাইছিলেন শরিফ।

অন্যদিকে, মেয়েকে নিয়ে ভিক্ষা করে জীবিকা চালাতেন সুখিয়া। নিহতের পরিবারের দাবি, মেয়েকে শরিফের কাছে দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি সুখিয়াকে ছুরিকাঘাত করেন। পরে ঘটনাস্থলে তার লাশ ফেলে পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সুফিয়া বেগম কোম্পানীগঞ্জ বাজারে শাকসবজি কিনতে যান। এ সময় তার সাবেক স্বামী অতর্কিতভাবে তার ওপর হামলা চালান এবং উপুর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে নিহতের স্বজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Source - www.bd24live.com ↗