Bangladesh · 2026-11-16 18:53:04

হোটেল–রিসোর্টে ছাড়সহ ইয়ুথ ট্যুরিজম এক্সপোতে যা থাকছে

হোটেল–রিসোর্টে ছাড়সহ ইয়ুথ ট্যুরিজম এক্সপোতে যা থাকছে
আগামী ১৯ নভেম্বর রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) শুরু হবে তিন দিনের ‘বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো ২০২৬’। দেশের হোটেল–রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটরসহ পর্যটন খাতের বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠান এতে অংশ নেবে। মেলার আয়োজক ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব)।
আজ ১৬ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, দেশের অভ্যন্তরীণ পর্যটনশিল্পের বিকাশ, উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন খাতে তরুণদের সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
মেলায় হোটেল–রিসোর্ট, সেন্ট মার্টিন, সুন্দরবনগামী জাহাজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৫৮টি স্টল থাকবে। আয়োজকেরা জানান, মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো সম্পর্কে বিস্তারিত জানান আয়োজকেরা ইটাবের সভাপতি ইমরানুল আলম প্রথম আলোকে বলেন, এক্সপোর অন্যতম আকর্ষণ ‘ক্যারিয়ার সামিট’। এতে পর্যটনশিল্পে ক্যারিয়ার গঠন, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা এবং পেশাগত দক্ষতা বিকাশের বিভিন্ন দিক তুলে ধরা হবে। মেলায় অংশ নেওয়া প্রতিটি প্রতিষ্ঠানে চাকরিপ্রত্যাশীরা তাঁদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিতে পারবেন।
পাশাপাশি থাকবে পর্যটনবিষয়ক আলোচনা, নেটওয়ার্কিং ও অন্যান্য বিশেষ আয়োজন। এর মধ্যে মেলার প্রথম দিন ভ্রমণ ও পর্যটনবিষয়ক ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। এতে খ্যাতিমান ইনফ্লুয়েন্সারদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ থাকবে।
মেলার আহ্বায়ক কামরুল হাসান বলেন, ‘বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপোর মাধ্যমে আমরা দেশের পর্যটন উদ্যোক্তা, সেবাদাতা প্রতিষ্ঠান ও তরুণ প্রজন্মকে একটি কার্যকর প্ল্যাটফর্মে একত্র করতে চাই। আমাদের লক্ষ্য দেশীয় পর্যটনের সম্ভাবনাকে তুলে ধরা, নতুন ব্যবসায়িক সংযোগ তৈরি এবং পর্যটন খাতে তরুণদের অংশগ্রহণ বাড়ানো।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকার পরিচালক (ফুড অ্যান্ড বেভারেজ) অলিভিয়ে লোরো। এ ছাড়া উপস্থিত ছিলেন ইটাবের আরিফুর রহমান, দ্বীন ইসলাম, সাব্বির আনসারি রিয়াদ, মাহবুবুল আলম প্রমুখ।
তিন দিনের এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। নিবন্ধন করে যে কেউ মেলায় প্রবেশ করতে পারবেন।
ইটাবের এ আয়োজনের ফিচার পার্টনার প্রথম আলোর শনিবারের ক্রোড়পত্র ‘ছুটির দিনে’।
রাজমিস্ত্রির কাজ করে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন লিটন

Source - www.prothomalo.com ↗