Bangladesh · 2026-11-16 18:19:38

আট ঘণ্টায় দুই খুনের নেপথ্যে ‘বালুর ব্যবসা’, মর্গে পড়ে আছে একজনের লাশ

আট ঘণ্টায় দুই খুনের নেপথ্যে ‘বালুর ব্যবসা’, মর্গে পড়ে আছে একজনের লাশ
ময়মনসিংহ নগরীতে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে মেহেদী হাসান নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মাত্র আট ঘণ্টার ব্যবধানে সংঘটিত দুটি হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।
সুরুজ জামানকে হত্যার পর মেহেদীর বাড়িতে আগুন দেওয়া হয়।
আজ সোমবার দুপুরে সুরুজ জামানের মরদেহ জানাজা শেষে দাফন করা হলেও বেলা সাড়ে তিনটা পর্যন্ত মেহেদীর মরদেহ নিতে হাসপাতালের মর্গে কেউ যাননি। বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুটি হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যানোমান কাওসার, নিহত সুরুজ জামানের ভাই ও স্বেচ্ছাসেবক দলের নেতাবালুর ব্যবসা নিয়ে আমার ভাইয়ের সঙ্গে জাহাঙ্গীর আলমদের রেষারেষি ছিল। এ নিয়ে কিছুদিন আগে ঝগড়া হলেও স্থানীয়ভাবে তা সমঝোতা করে দেওয়া হয়েছিল। গতকাল বাচ্চাকে নিয়ে বাজার থেকে ফেরার পথে পূর্ববিরোধের জের ধরে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনার উপযুক্ত বিচার চাই।দুই হত্যার নেপথ্যে বালু ব্যবসার দ্বন্দ্ব
গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে সুরুজ জামানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিজের ছোট মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে মেয়ের সামনেই তাঁর ওপর এ হামলা চালানো হয়। সুরুজ মধ্য বাড়েরা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
সুরুজ জামানকে হত্যার পর সওদাগর মেহেদী হাসানের (৩১) নাম সামনে আসে। মেহেদী একই এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে। মেহেদীর বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধঘোষিত যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। মেহেদী নিজেও যুবলীগের কর্মী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সুরুজ জামানের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জাহাঙ্গীর ও তাঁর ভাইয়েরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
বাসায় ফিরছিলেন, পথে মোটরসাইকেল থামিয়ে মেয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যাসুরুজ জামানকে হত্যার পর মেহেদীর হাসানের বাড়িতে আগুন দেওয়া হয়। পরে পিটুনিতে নিহত হন মেহেদীও। ময়মনসিংহ নগরের বাড়েরা এলাকায়আজ সকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিমের দেওয়া তথ্য অনুযায়ী, গভীর রাতে এলাকার লোকজন মেহেদীকে পিটুনি দেন। পরে ভোর ৪টা ১৫ মিনিটের দিকে এলাকাবাসী তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে মেহেদীকে ঠিক কোন স্থানে পিটুনি দেওয়া হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো স্থান নিশ্চিত করা যায়নি।
অবশ্য ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম দাবি করেন, মধ্য বাড়েরা এলাকাতেই মেহেদীকে পিটুনি দেওয়া হয়েছিল এবং কারা এর সঙ্গে জড়িত, তা শনাক্তে কাজ চলছে।
আগুনে পুড়ে যাওয়া বাড়ির জিনিসপত্রমাত্র আট ঘণ্টার ব্যবধানে এই দুই হত্যার নেপথ্যে বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বের কথা বলছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ জামান ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি সওদাগর জাহাঙ্গীর আলম একসঙ্গে এলাকায় বালুর ব্যবসা করতেন এবং তাঁরা সম্পর্কে একই গোষ্ঠীর চাচাতো ভাই। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর জাহাঙ্গীর আত্মগোপনে চলে গেলেও সুরুজ জামান ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।
নিহত সুরুজের ভাই ও ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি নোমান কাওসার বলেন, ‘বালুর ব্যবসা নিয়ে আমার ভাইয়ের সঙ্গে জাহাঙ্গীর আলমদের রেষারেষি ছিল। এ নিয়ে কিছুদিন আগে ঝগড়া হলেও স্থানীয়ভাবে তা সমঝোতা করে দেওয়া হয়েছিল। গতকাল বাচ্চাকে নিয়ে বাজার থেকে ফেরার পথে পূর্ববিরোধের জের ধরে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনার উপযুক্ত বিচার চাই।’
আজ সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে অনেক মানুষকে ভিড় করতে দেখা যায়। এর কিছু সময় পর ময়নাতদন্ত শেষে স্বজনেরা সুরুজ জামানের মরদেহ বাড়িতে নিয়ে যান। পরে বেলা দুইটার দিকে মধ্য বাড়েরা নিজামিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সুরুজ জামানের জানাজায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামানসহ দলীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
জানাজার আগে মুসল্লিদের উদ্দেশে কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। যাঁরা এ অপরাধ করেছেন, তাঁদের শাস্তি নিশ্চিত করতে পুলিশকে সহযোগিতা করুন। আইনের কাজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে করতে দিন। এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে মর্গে পড়ে আছে পিটুনিতে নিহত সওদাগর মেহেদী হাসানের মরদেহ। আশপাশে তাঁর কোনো স্বজনকে দেখা যায়নি। মর্গের আশপাশে উৎসুক জনতা ভিড় করলেও মেহেদীর স্বজন পরিচয়ে কেউ এগিয়ে আসেননি। বিকেল সোয়া ছয়টা পর্যন্ত তাঁর মরদেহ মর্গেই ছিল।
ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেক দলের নেতা সুরুজ জামানকে হত্যার জায়গায় এখনো রক্তের দাগ লেগে আছে
সরেজমিন যা দেখা দেখা গেল
বেলা সাড়ে ১১টার দিকে মধ্য বাড়েরা এলাকায় গিয়ে দেখা যায়, সুরুজ জামানের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শন করছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। যে দুটি দোকানের সামনে সুরুজের ওপর হামলা হয়েছিল, সেগুলোর শাটার বন্ধ ছিল। সড়কের মাটিতে পড়ে থাকা রক্তের দাগ দেখছিলেন স্থানীয় বাসিন্দারা, যাঁদের চোখেমুখে কৌতূহলের পাশাপাশি ছিল আতঙ্কের ছাপ।
ঘটনাস্থল থেকে সুরুজ জামানের বাড়ির দূরত্ব প্রায় ৩০০ গজ। বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সেখানে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে একটি লাশবাহী গাড়ি রাখা। শেষবারের মতো তাঁকে দেখতে পাড়া-প্রতিবেশী ও স্বজনেরা ভিড় করেছেন। দুই সন্তানকে আঁকড়ে ধরে বিলাপ করছিলেন সুরুজ জামানের স্ত্রী আঁখি আক্তার। বিলাপ করতে করতে তিনি বলেন, ‘আমার জামাইডারে কী করল গো? আমার জামাইডা ভালা আছিল, আমি ওগোর ফাঁসি চাই। আমার দুইডা সন্তানেরে এতিম কইরা ফালাইছে গো।’
সুরুজের বাড়ি থেকে ২০০ গজ দূরেই মেহেদীর বাড়ি। দুপুর ১২টা ২৫ মিনিটে সেখানে গিয়ে দেখা যায়, বাড়িতে মানুষের ভিড় থাকলেও মেহেদীর পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ স্বজনদের কাউকে চোখে পড়েনি। বাড়িতে একটি একতলা পাকা ভবন ও এর পাশের টিনশেডের আধা পাকা একটি ঘর আগুনে পুড়ে গেছে। ঘরের ভেতরে পোড়া আসবাব, একটি মোটরসাইকেল, রেফ্রিজারেটর ও ভাঙা থালাবাসন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, সুরুজ জামানকে হত্যার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর স্বজনেরা মেহেদীদের বাড়িতে হামলা চালিয়ে আগুন দেন।
পোড়া বাড়ি দেখতে আসা অন্তত ১০ জনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। তাঁরা জানান, তাঁরা এলাকার নন, দূর থেকে দেখতে এসেছেন। কেউ কথা বলতে রাজি হচ্ছিলেন না। তবে তাঁদের একজন হোসনে আরা বলেন, ‘এমন কী হয়ে গেল যে একটা খুনের পর আরেকটা খুন হয়ে গেল। এমন ঘটনা এলাকায় আগে কখনো দেখিনি।’
পুলিশ যা বলছে
ময়মনসিংহ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, দুটি ঘটনাই হত্যাকাণ্ড। সুরুজ জামান হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ব্যক্তি পরবর্তী সময়ে পিটুনিতে নিহত হয়েছেন। এর পেছনে বালু ব্যবসাসংক্রান্ত দ্বন্দ্ব, দীর্ঘদিনের পারিবারিক ও অভ্যন্তরীণ বিরোধসহ আরও কিছু বিষয় রয়েছে। রাজনৈতিক বিরোধের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ ও অন্য কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখতে ডিবি, থানা-পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে কাজ করছেন।
আবদুল্লাহ আল মামুন আরও বলেন, দুটি হত্যার ঘটনায় বেলা সাড়ে তিনটা পর্যন্ত কোনো মামলা হয়নি। ময়নাতদন্ত ও জানাজা শেষে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। এরপর আইনগত প্রক্রিয়ায় তদন্ত এগিয়ে নেওয়া হবে।
পিটুনিতে নিহত ব্যক্তিকে পুলিশ খুঁজছিল উল্লেখ করে অতিরিক্ত পুলিশ সুপার জানান, পুলিশ তাঁকে হেফাজতে নেওয়ার আগেই পিটুনিতে তিনি নিহত হলেন। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেহেদীর মরদেহ এখনো মর্গে আছে। স্বজনেরা না এলে আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ মরদেহ হস্তান্তরে ব্যবস্থা নেবে।

Source - www.prothomalo.com ↗