Bangladesh · 2026-11-16 18:19:33

গুলশানে নারী উদ্যোক্তাদের দুই দিনের প্রদর্শনী শেষ

গুলশানে নারী উদ্যোক্তাদের দুই দিনের প্রদর্শনী শেষ
ঢাকার গুলশানে নারী উদ্যোক্তাদের দুই দিনব্যাপী ‘হার পাওয়ারফুল স্টোরি, নভেম্বর এক্সপো ২০২৬’ শেষ হয়েছে। ১৪ ও ১৫ নভেম্বর গুলশান-১-এর সুবর্ণভূমি ফাউন্ডেশনের ইসলাম লজে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
‘হার পাওয়ারফুল স্টোরি’ ও ‘রেহনুমা সিডব্লিউই’ যৌথভাবে মেলার আয়োজন করে। এতে রাজধানীর বিভিন্ন এলাকার নারী উদ্যোক্তারা নিজেদের ব্র্যান্ডের পণ্য প্রদর্শন ও বিক্রি করেন।
আয়োজকদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় দেশীয় ও আধুনিক নকশার পোশাক, হাতে তৈরি গয়না, অর্গানিক ত্বকচর্চার পণ্য, ঘর সাজানোর সামগ্রী, ঘরের গাছ ও ঘরে তৈরি খাবারের স্টল ছিল। ক্রেতা ও দর্শনার্থীদের ভালো সাড়া পাওয়া গেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল লিনাজ জুয়েলারি, আমিরা’স ক্রিয়েশন, শপ স্টপ, তাফান্নুম কালেকশন, শুভ্রতা, রাঙা, মানহা’স গার্ডেন, ফ্রেশ পার্পল, গার্লি বুটিক, ব্রিজেস ক্রিয়েশনস, রাগা বাই অনিন্দিতা, সাফা ফুড, ড্যাজলিং অ্যাটায়ার ফ্যাশন হাউস, রানী’স ফ্যাশন, নায়ীরা ফ্যাশন, বিদোরা ও সুমি’স কালেকশন।
আয়োজকদের পক্ষে লিনাজ জুয়েলারির স্বত্বাধিকারী লীনা ফেরদৌস বলেন, ‘প্রত্যেক নারীরই একটি নিজস্ব গল্প আছে, যা অন্য নারীদের অনুপ্রাণিত করতে পারে। বড় পরিসরের মেলায় অনেক ক্ষুদ্র উদ্যোক্তা অংশ নেওয়ার সুযোগ পান না। তাই আমরা এলাকাভিত্তিক এমন মেলার আয়োজন করছি, যাতে স্থানীয় উদ্যোক্তারা সহজেই ক্রেতাদের কাছে পৌঁছাতে পারেন।’
মেলাটি পরিচালনায় ছিলেন ‘হার পাওয়ারফুল স্টোরি’র তিন উদ্যোক্তা ও আয়োজক লীনা ফেরদৌস এবং ড্যাজলিং অ্যাটায়ারের স্বত্বাধিকারী সুলতানা ইসলাম ও শিউলি ইসলাম। সহযোগিতা করেন ‘রেহনুমা সিডব্লিউই’র প্রতিষ্ঠাতা রেহনুমা সুলতানা।
আয়োজকেরা জানান, নারী উদ্যোক্তাদের পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দিতে ঢাকার বিভিন্ন এলাকায় প্রতি মাসে এমন প্রদর্শনীর আয়োজন চালিয়ে যাবেন তাঁরা।

Source - www.prothomalo.com ↗