Bangladesh · 2026-11-16 18:59:26

দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় চার শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান

দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় চার শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

​সোমবার (১৬ নভেম্বর) দীঘিনালা জোনের আরএমও-এর তত্ত্বাবধানে উপজেলার দুর্গম নৌকাছড়া এলাকার বব্রুবাহন কারবারি পাড়ায় এই মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়।

​এ সময় দীঘিনালা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. জাহিদুল ইসলামের উপস্থিতি চিকিৎসা কার্যক্রমে গতি আনে। চিকিৎসা শিবিরে দুর্গম পাহাড়ি এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর চার শতাধিক অসহায় ও দরিদ্র নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ বিনা মূল্যে বিতরণ করা হয়।

​স্থানীয় বাসিন্দারা জানান, যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্গম হওয়ায় এসব এলাকায় সাধারণ মানুষ সহজে চিকিৎসাসেবা ও ওষুধপত্র পাচ্ছিলেন না। সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ দুর্গম অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ভবিষ্যতেও দীঘিনালা জোনের এমন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

Source - www.bd24live.com ↗