Bangladesh · 2026-11-16 18:39:16

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে জিলেট ব্লেড ও রেজারের চালান আটক

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে জিলেট ব্লেড ও রেজারের চালান আটক
যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারতীয় একটি ট্রাক থেকে ৫ কার্টন জিলেট ব্লেড ও রেজারের চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেনাপোল বন্দরের ৩ নম্বর গেটে অভিযান চালিয়ে পণ্যচালানটি আটক করা হয়।

জানা যায়, বেনাপোল বন্দরের ১০ নম্বর শেডে আমদানিকৃত পণ্য খালাস শেষে বন্দর থেকে বের হওয়ার সময় ভারতীয় ট্রাকটি আটক করা হয়। পণ্যগুলো আমদানি চালানের ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা খতিয়ে দেখছে কাস্টমস। বন্দর সংশ্লিষ্টরা জানান, বন্দর থেকে বের হওয়ার সময় সন্দেহ হলে নিরাপত্তাকর্মীরা ভারতীয় পণ্যবাহী খালি ট্রাকটি আটক করেন। পরে কাস্টমস কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে ৫ কার্টন জিলেট ব্লেড ও রেজারের চালান জব্দ করে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আজাহার হোসেন জানান, বন্দর কর্তৃপক্ষের ম্যানিফেস্ট রিপোর্ট অনুযায়ী ভারতীয় ট্রাকটির নম্বর ডব্লিউবি ৫৭ এ-৮৫৫৪। চালানটির ম্যানিফেস্ট নম্বর ৬০১/২০২৬/০০১/০০৭০৫৯৭/১১। গত ১২ নভেম্বর চালানটির ম্যানিফেস্ট এন্ট্রি করা হয়। এতে পণ্যের বিবরণ দেওয়া হয়েছে ‘বোল্টিং ক্লথ অ্যান্ড আদার্স’। আমদানিকারক প্রতিষ্ঠান রুহজান এন্টারপ্রাইজ এবং সিঅ্যান্ডএফ এজেন্ট এস এম তারিক (প্রাইভেট) লিমিটেড। চালানটিতে ৩৭৬টি প্যাকেজের বিপরীতে ঘোষিত মোট ওজন ১০ হাজার ৫২ কেজি। পণ্য খালাসের জন্য নির্ধারিত ছিল বন্দরের ১০ নম্বর শেড।

ম্যানিফেস্টের তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর বেলা ১১টা ৪৬ মিনিটে ভারতীয় ট্রাকটি বন্দরে প্রবেশ করে। ১৫ নভেম্বর চালানটি গ্রহণের তথ্য থাকলেও প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত ট্রাকটির বন্দর থেকে বের হওয়ার তথ্য ছিল না। প্রতিবেদনে কিছু প্যাকেজ আলগা ও ছেঁড়া থাকার কথাও উল্লেখ রয়েছে।

বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বন্দরের ৩ নম্বর গেট থেকে ভারতীয় ট্রাকটি আটক করা হয়েছে। প্রাথমিকভাবে সেখানে ৩০ হাজার পিস জিলেট ব্লেডসহ রেজার পাওয়া গেছে। পণ্য পরীক্ষণ শেষে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, ওই ট্রাকের আমদানিকৃত পণ্য ১০ নম্বর শেডে খালাস করা হয়েছে। চালানে ঘোষিত পণ্যের সঙ্গে খালাস করা পণ্যের মিল রয়েছে কি না, তা-ও পরীক্ষা করে দেখা হচ্ছে।

Source - www.bd24live.com ↗