চট্টগ্রামের রাউজান আদালতের বিচারকের কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। আগুনে কক্ষের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), জানালার পর্দা, আসবাবপত্র ও কিছু কাগজপত্র পুড়ে গেছে।
সকালে রাউজান ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তাদের প্রাথমিক ধারণা, এসি অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ ভোরে কোনো এক সময় সিনিয়র সহকারী জজ আবদুল মান্নানের কক্ষের এসিতে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে। এতে এসি ছাড়াও কিছু আসবাব, নথিপত্র ও জানালার পর্দা পুড়ে যায়।
রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আবদুল আল মামুন প্রথম আলোকে বলেন, সকাল সোয়া নয়টার দিকে তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো অবস্থায় দেখতে পান। এর আগে কর্মচারীরা কক্ষের দরজা খুলে ভেতরে আগুনে পুড়ে যাওয়া জিনিসপত্র দেখতে পান। প্রাথমিকভাবে এসি বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। বিষয়টি তদন্ত করে দেখার চেষ্টা করা হবে।
আগুনে পুড়ল রাউজান আদালতের বিচারকের কক্ষ, সূত্রপাত পরিষ্কার নয়

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার কারণ জানতে পুলিশ কাজ করছে।
Source - www.prothomalo.com ↗