Bangladesh · 2026-11-16 20:22:01

বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা, ব্যবসায়ীকে ৬ মাস পথকুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ

বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা, ব্যবসায়ীকে ৬ মাস পথকুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ
দিনাজপুরের ঘোড়াঘাটে দোকানের বিস্কুট ও খাবার খাওয়ায় ফাঁদ পেতে একটি মা বিড়ালকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় অনুতপ্ত ব্যবসায়ীকে শাস্তি হিসেবে ছয় মাস বাজারের সব পথকুকুর ও বিড়ালকে খাবার দেওয়ার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার বলগাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ নির্দেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কাওছার শেখ। অভিযুক্ত ব্যবসায়ীর নাম সারোয়ার হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সারোয়ার হোসেনের বেকারির দোকানে প্রায়ই রাতে একটি বিড়াল ঢুকে বিস্কুটসহ বিভিন্ন খাবার খেয়ে ফেলত। এতে ক্ষুব্ধ হয়ে গত শুক্রবার (১৩ নভেম্বর) রাতে দোকানের ভেতরে চিকন নাইলনের দড়ি দিয়ে ফাঁদ পেতে রাখেন তিনি। খাবারের সন্ধানে দোকানে ঢুকে ওই ফাঁদে আটকা পড়ে বিড়ালটি। পরদিন সকালে দোকানের সামনে গলায় দড়ি পেঁচানো অবস্থায় বিড়ালটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

বিড়ালটির দুটি ছোট ছানা রয়েছে। মায়ের মৃত্যুর পর ছানা দুটি অসহায় হয়ে পড়ে। ঘটনাটি জানার পর প্রতিবাদ জানান স্থানীয় যুবক মেহেদী হাসান ইমু। রোববার বিকেলে তিনি বিড়াল হত্যার বিচার চেয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে অভিযোগ করেন।

অভিযোগকারী মেহেদী হাসান ইমু বলেন, কয়েক প্যাকেট বিস্কুট ও খাবার খাওয়ার কারণে একটি প্রাণীকে এভাবে ফাঁদ পেতে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিড়ালটির দুটি ছোট ছানা রয়েছে। মায়ের মৃত্যুর পর তারা খাবার ও আশ্রয়হীন হয়ে পড়েছে। এ ঘটনার প্রতিকার চেয়েই তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

অন্যদিকে নিজের দোষ স্বীকার করে ব্যবসায়ী সারোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে দোকান বন্ধ করার পর রাতে বিড়ালটি ভেতরে ঢুকে বিস্কুটসহ বিভিন্ন খাবার নষ্ট করছিল। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফাঁদ পাতেন। ওই ফাঁদেই বিড়ালটির মৃত্যু হয়। নিজের কাজকে অন্যায় উল্লেখ করে অনুতপ্ত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে অঙ্গীকার করেন তিনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কাওছার শেখ বলেন, ঘটনাটি জানার পর অভিযোগকারী যুবক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ডেকে পাঠানো হয়। পরে ব্যবসায়ী নিজের ভুল স্বীকার করে মুচলেকা দেন এবং ক্ষমা চান।

তিনি আরও বলেন, শাস্তি হিসেবে সারোয়ার হোসেনকে আগামী ছয় মাস বলগাড়ি বাজারের সব পথকুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার জন্য তাঁকে সতর্ক করা হয়েছে।

Source - www.bd24live.com ↗