কুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারেরা মাদকবিরোধী কমিটির সদস্য ও স্থানীয় যুবকরা। এ ঘটনায় স্কুল, মাদ্রাসা ও কলেজশিক্ষার্থীসহ ৫-৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের সবাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।
এ ঘটনায় সোমবার (১৬ নভেম্বর) বিকেলে অভিযুক্ত ইকবাল হোসেনকে প্রধান আসামি করে ৭-৮ জনের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।
এর আগে রবিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কালিকাপুর আব্দুল মতিন খসরু ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাওন (১৮), কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থী অর্পণ (১৬)। তারা খারেরা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মান্নান জালালীর ছেলে। এ ছাড়া ফকিরবাজার সুন্নিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ও আব্দুল জলিলের ছেলে হাফেজ মাজিদ (১৬), সৈকত (১৮),স্থানীয় তারেক ভূঁইয়াসহ কয়েকজন যুবক আহত হয়েছেন।
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার শিক্ষার্থীরা

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, খারেরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার নিয়ে অসন্তোষ বিরাজ করছে। এরই মধ্যে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ও তাঁর নির্দেশক্রমে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে খারেরা মাদকবিরোধী কমিটি গঠন করেন। এরপর থেকে এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিরোধ ও অভিযান শুরু করেন তাঁরা।
খারেরা মাদকবিরোধী কমিটির সভাপতি কুদ্দুছ, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভূঁইয়া এবং স্থানীয় বাসিন্দা আব্দুল রাজ্জাক ব্যাংকার, ব্যবসায়ী জাহাঙ্গীর, রজব আলী ড্রাইভার, আবু সাঈদ সজিব মাস্টার ও শুভসহ একাধিক ব্যক্তি জানান, রোববার রাতে খারেরা পূর্বপাড়া রিফাতের দোকানের সামনে স্থানীয় বাসিন্দা আব্দুল আলীমের ছেলে সোহেলকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। এ সময় ইকবাল হোসেনের নেতৃত্বে শহীদ, কবির, রুবেল, হৃদয়সহ কয়েকজন সন্ত্রাসীরা ধারালো অস্ত্র, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে অতর্কিত হামলা চালান। এতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ ৫-৬ জন গুরুতর আহত হন।
এদিকে হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমি জড়িত ছিলাম না। আমার ব্যক্তিগত জায়গা-সম্পত্তি ও টাকার লেনদেনকে কেন্দ্র করে আমাকে এ ঘটনার সঙ্গে জড়ানো হয়েছে।সোহেলকে আমি সহযোগীতা করেছি এমন অভিযোগ এনে আমার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং আমার স্ত্রী ও ভাতিজির গায়ে হাত তোলা হয়েছে। আমি যদি কোনো অন্যায় বা অপরাধ করে থাকি, তাহলে দেশে আইন আছে। প্রশাসন সুষ্ঠু তদন্ত করে আমার বিচার করবে।’
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের ধরতে সরেজমিনে আমিসহ পুলিশ অভিযান পরিচালনা করেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। অপরাধী যে-ই হোক, ছাড় দেওয়া হবে না।’
Source - www.bd24live.com ↗