Bangladesh · 2026-11-16 22:37:58

লিটনের সেঞ্চুরির পর শেষ বিকেলে ৩ উইকেট, আশা নিয়ে দিন শেষ বাংলাদেশের

লিটনের সেঞ্চুরির পর শেষ বিকেলে ৩ উইকেট, আশা নিয়ে দিন শেষ বাংলাদেশের
প্রথম দিনটা শেষ হয়েছিল লিটন দাসের সেঞ্চুরির অপেক্ষায়। গতকাল দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই তা শেষ হয়ে গেছে। লিটনের সেঞ্চুরির উদ্‌যাপনে দেখা গেছে অপূর্ব একটা দৃশ্যও। ব্যাট–হেলমেট উঁচিয়ে লিটন উদ্‌যাপন তো করেছেনই; ট্রাউজারের পকেট থেকে বের করলেন ছোট্ট একটা কাগজও। মেয়ে আনায়রা দাসের জন্য তাতে লেখা ছিল—‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য।’
দিনের প্রথম দুই সেশনে লিটনের ওই সেঞ্চুরি আর দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুতেই হাসান মাহমুদের বলে ওপেনার এইডেন মার্করাম আউট হওয়া ছাড়া বাংলাদেশের জন্য তেমন কিছুই ছিল না। বাংলাদেশের বোলাররা হতাশাজনক সময়ই পার করেছেন এ সময়ে। তবে ৪০০ রানে প্রথম ইনিংস শেষ করা বাংলাদেশ দিন শেষ করেছে স্বস্তি নিয়েই। দিনের শেষ সেশনে যে তুলে নেওয়া গেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ৩ উইকেট! দক্ষিণ আফ্রিকা দিন শেষ করেছে ৪ উইকেটে ২৮৭ রান নিয়ে।
টেস্টের প্রথম দুই দিন শেষে বাংলাদেশের স্বস্তির আরও একটি কারণ, জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে অন্তত ৩২০ রান করেছে, এমন দল কখনো হারেনি। ৭ বার ড্র হয়েছে আর ১২ বার জিতেছে ওই দলগুলো। বাংলাদেশকে এই ম্যাচে হারাতে হলে তাই নতুন ইতিহাসই লিখতে হবে দক্ষিণ আফ্রিকাকে।
সেঞ্চুরি করে মেয়ের জন্য কাগজ উঁচিয়ে ধরেন লিটনপ্রথম দিন শেষে উইকেটে থাকামিরাজ–লিটনের ৩২ রানের জুটি ভেঙে যায় কাল দিনের অষ্টম ওভারে, মিরাজের আউটে।এর আগেই ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পেয়ে যাওয়া লিটনও বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি। ১২০ রান করে ডেন পেটারসনের বলে পুল করতে গিয়ে ক্যাচ দেওয়ার পর বাংলাদেশ ৪০০ পার করতে পারে কি না, সেটিই ছিল দেখার। হাসান মাহমুদের ১৬ আর তাসকিন আহমেদের ১৭ রানের সৌজন্যে বাংলাদেশ ঠিক ৪০০ রানেই থামে।
বোলিংয়ের শুরুটাও ভালো হয়েছিল বাংলাদেশের। দ্বিতীয় ওভারেই হাসান মাহমুদ উইকেট এনে দেন। নতুন বলে তিনি যেমন করেন, লাইন–লেন্থ ঠিক রেখে বল করে যাওয়া; সেটি করেই সাফল্যটা এসেছিল। অফ স্টাম্পের সামান্য বাইরের বলে খোঁচা দিয়ে আউট হন মার্করাম।
মধ্যাহ্নবিরতির আগেই আরও একটা উইকেট পেয়ে যেতে পারত বাংলাদেশ। কিন্তু জুবায়ের হামজা এলবিডব্লু হতে পারতেন, এমন একটি বলে তাসকিন কিনা করে বসেন নো বল! হাসানের পরের দুই বলে দুটি রিভিউ খুইয়েও উইকেট পায়নি বাংলাদেশ।
সেঞ্চুরি পেয়েছেন অ্যাকারম্যানহামজা ও মার্কোস অ্যাকারম্যানের জুটিতে দ্বিতীয় সেশন কাটে হতাশায়। উইকেট আসেনি, দক্ষিণ আফ্রিকাও ওভারপ্রতি প্রায় ৫ গড়ে রান তোলে। চার বোলারের কাউকে দিয়েই যখন কাজ হচ্ছিল না, তখন অধিনায়ক নাজমুল দ্বারস্থ হন মুমিনুল হকের বাঁহাতি স্পিনের। মুমিনুলের প্রথম ওভারেই ৮৩ রান করা হামজা উইকেটকিপারের হাতে ক্যাচ দিলে ভাঙে তাঁর সঙ্গে অ্যাকারম্যানের ২০২ রানের জুটি।
কিন্তু অ্যাকারম্যানকে থামানো যাচ্ছিল না কিছুতেই। টেস্টে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে তুলাধোনা শুরু করেন বাংলাদেশের বোলারদের। ১৬৪ বলে তাঁর ১৫৭ রানের ঝড় থামে হাসানের শর্ট বলে পুল করতে গিয়ে বাউন্ডারিতে তাসকিনের ক্যাচ হয়ে।
দিনের শেষ উইকেটটিও নিয়েছেন হাসানই। ম্যাথু ব্রিটজকে তাঁর বলে ক্যাচ দেন লিটন দাসের হাতে। একটু পর ক্যাচ লিটনের হাতে তুলে দেন রায়ান রিকেলটনও, তবে এবার তিনি সেটা হাতে জমাতে পারেননি।
লিটন ক্যাচটি নিতে পারলে দিনটা আরও ভালোভাবে শেষ হতে পারত বাংলাদেশের। সেটি না হলেও জোহানেসবার্গ টেস্টে ভালোভাবেই আছে বাংলাদেশ।
লিটনের সেঞ্চুরি যখন হয়ে যায় বাবার দেওয়া উপহার

Source - www.prothomalo.com ↗