লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ৩১ নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন। ওয়ার্ড কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে পদত্যাগপত্র জমা দেন নেতারা। তবে ৩১ জনের স্বাক্ষর থাকলেও পদত্যাগপত্র জমা দিতে উপস্থিত হন ১০ জন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন, সহসভাপতি মনির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম, কোষাধ্যক্ষ বাবুল, সাংগঠনিক সম্পাদক সহিদ উল্যা, সহসাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিনসহ কমিটির বিভিন্ন পদে থাকা নেতারা। ৫১ সদস্যের কমিটির নির্বাচিত সভাপতিসহ গুরুত্বপূর্ণ পদধারীরা পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন।
লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ

জাকির হোসেন সুমন অভিযোগ করেন, জাবেদ হোসেন বিধবা ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন নারীর কাছ থেকে টাকা নিয়েছেন। এ ছাড়া জুয়াসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এখন সেই সিদ্ধান্ত প্রত্যাহার করায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন তিনি।
তবে পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া। তিনি বলেন, তাঁরা কোনো কর্মীকে হারাতে চান না। পদত্যাগপত্রটি আপাতত নিজের কাছে রেখেছেন, সাংগঠনিকভাবে গ্রহণ করেননি। এ বিষয়ে ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।
প্রসঙ্গত, এক বিবাহিত নারীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে গত ১৩ এপ্রিল চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয় ইউনিয়ন কমিটি। প্রায় ছয় মাস ১৮ দিন পর গত ৩১ অক্টোবর সদর (পশ্চিম) উপজেলা কমিটি তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে।
Source - www.bd24live.com ↗