Bangladesh · 2026-11-17 01:55:35

মাসব্যাপী ‘বিজয় উৎসব’ আয়োজন করবে ছাত্র ফেডারেশন

মাসব্যাপী ‘বিজয় উৎসব’ আয়োজন করবে ছাত্র ফেডারেশন
মহান বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বরে মাসব্যাপী ‘বিজয় উৎসব-২০২৬’ আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। মুক্তিযুদ্ধে জনগণের আকাঙ্ক্ষা ও সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনের বিষয়গুলো তুলে ধরতে এ আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।
সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত আরিফ। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারহানা মানিক।
সৈকত আরিফ বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিল। তবে সেই আকাঙ্ক্ষার রাষ্ট্র এখনো গড়ে ওঠেনি। তা প্রতিষ্ঠার লড়াই ছড়িয়ে দিতেই মাসব্যাপী বিজয় উৎসবের আয়োজন করা হচ্ছে।
ছাত্র ফেডারেশনের সভাপতি বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) তৈরি করা একমুখী বয়ানের বাইরে মুক্তিযুদ্ধে জনগণের প্রকৃত আকাঙ্ক্ষা তুলে ধরতে চান তাঁরা।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সৈকত আরিফ বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নানা ধরনের সহিংসতা করছে। এসব সহিংসতা রোধ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে জুলাই গণহত্যার সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার দাবি জানান তিনি।
ছাত্র ফেডারেশনের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে বিজয়ের মাসের প্রথম প্রহরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে উৎসবের উদ্বোধন, মুক্তিযুদ্ধ নিয়ে তিনটি আলোচনা সভা, তিনটি চলচ্চিত্র প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, কুইজ, উন্মুক্ত ক্যানভাস ও মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যার চিত্র প্রদর্শনী। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, বিজয় কনসার্ট এবং শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মহব্বত হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক আরমানুল হক ও আল-আমিন রহমান, দপ্তর সম্পাদক তুহিন ফরাজী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়াসহ সংগঠনের নেতারা।

Source - www.prothomalo.com ↗