Bangladesh · 2026-11-03 20:19:28

নওগাঁয় নিখোঁজের একদিন পর ক্লিনিক চত্বর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় নিখোঁজের একদিন পর ক্লিনিক চত্বর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
নওগাঁর মান্দায় নিখোঁজ হওয়ার একদিন পর ময়না রানী দাস নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার হাসপাতাল মোড়সংলগ্ন মুক্তিযোদ্ধা ক্লিনিক চত্বর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ময়না রানী দাস পাশের নিয়ামতপুর উপজেলার তিলহারী গ্রামের অনিল চন্দ্র দাসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়না রানী গত দুই বছর ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। সোমবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে মঙ্গলবার সকালে পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন পরিবারের সদস্যরা।

খবর পেয়ে রাজশাহী থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) করা হয়েছে।

The post নওগাঁয় নিখোঁজের একদিন পর ক্লিনিক চত্বর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗