Bangladesh · 2026-11-17 08:07:15

আইবিএতে বিবিএ পড়াশোনার সুযোগ ও ভর্তিতে প্রস্তুতি যেভাবে নেবেন

আইবিএতে বিবিএ পড়াশোনার সুযোগ ও ভর্তিতে প্রস্তুতি যেভাবে নেবেন
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা আইবিএতে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিবিএ ডিগ্রি নিয়ে পড়ার সুযোগ আছে। করপোরেট জগতের চাকরি, ভিন্ন ধরনের উদ্যোগ বা স্টার্টআপ প্রতিষ্ঠা করার মতো নানা সুযোগ মিলবে আইবিএর বিবিএ ডিগ্রি পড়ার মাধ্যমে।
কেন আইবিএতে পড়বেন—

বাংলাদেশের শত শত শিক্ষাপ্রতিষ্ঠানের ভিড়ে আইবিএ সম্পূর্ণ আলাদা একটি প্রতিষ্ঠান। এর পেছনে রয়েছে সুনির্দিষ্ট কিছু কারণ। আইবিএর শিক্ষাপদ্ধতি গতানুগতিক লেকচারভিত্তিক নয়। এটি বিশ্বমানের বিজনেস স্কুলের আদলে কেস স্টাডি এবং ব্যবহারিক লার্নিং, প্রেজেন্টেশনের ওপর বেশি গুরুত্ব দেয়। এখানে বাস্তব জীবনের ব্যবসায়িক সমস্যাগুলো ক্লাসরুমে উপস্থাপন করা হয় এবং শিক্ষার্থীরা দলগতভাবে তার সমাধান বের করেন। এটি তাঁদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি সমস্যা সমাধানের দক্ষতাকে শাণিত করে। এ ছাড়া আইবিএর শিক্ষক প্যানেল দেশি-বিদেশি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষাপ্রাপ্ত এবং করপোরেট ও গবেষণাক্ষেত্রে সমাদৃত। তাঁদের নিবিড় সান্নিধ্য একজন শিক্ষার্থীকে কেবল দক্ষ গ্র্যাজুয়েট হিসেবেই গড়ে তোলে না, একজন দূরদর্শী প্রবলেম সলভার ও নৈতিক পেশাজীবী হিসেবে প্রস্তুত করে। আবার আইবিএর সবচেয়ে বড় শক্তি এর অ্যালামনাইরা। দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানি, ব্যাংক, টেলিকম অপারেটর, এফএমসিজি প্রতিষ্ঠান থেকে শুরু করে উদ্যোক্তা ও নীতিনির্ধারণী পর্যায়ে আইবিএর গ্র্যাজুয়েটরা নেতৃত্ব দিচ্ছেন। এই বিশাল ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ নেটওয়ার্ক একজন তরুণের প্রফেশনাল লাইফের পথচলাকে অনেক সুগম করে দেয়। আইবিএতে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্লাব কার্যক্রম, ডিবেটিং, কেস কম্পিটিশন, কালচারাল ফেস্ট এবং বিজনেস সামিট আয়োজনের সুযোগ থাকে। এই বহুমুখী কর্মকাণ্ড শিক্ষার্থীদের লিডারশিপ স্কিল, নেগোসিয়েশন এবং টাইম ম্যানেজমেন্ট দক্ষতা বাড়াতে সাহায্য করে।
ভবিষ্যৎ ক্যারিয়ার: সম্ভাবনা ও দিগন্ত—

আইবিএ থেকে বিবিএ ডিগ্রি অর্জনের পর ক্যারিয়ারের সুযোগগুলো অত্যন্ত বিস্তৃত। করপোরেট জগতে আইবিএ গ্র্যাজুয়েটদের জন্য যে ধরনের পথ খোলা থাকে। বহুজাতিক কোম্পানিতে এক্সিকিউটিভ পদে নিয়োগের সুযোগ আছে। দেশে ইউনিলিভার, বাটারফ্লাই, নেসলে, গ্রামীণফোন, রবি, কোকাকোলা, পেপসির মতো শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর ম্যানেজমেন্ট ট্রেইনি বা এন্ট্রি-লেভেল এক্সিকিউটিভ পদে আইবিএ শিক্ষার্থীদের কদর সবার শীর্ষে। মার্কেটিং, সাপ্লাই চেইন, হিউম্যান রিসোর্স কিংবা ফাইন্যান্স প্রতিটি বিভাগেই তাঁদের চাহিদা রয়েছে।
দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক, ইনভেস্টমেন্ট ব্যাংক, মার্চেন্ট ব্যাংক এবং বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠানে লিড পজিশনে কাজ করার সুযোগ মেলে। ফিন্যান্স মেজরদের জন্য এটি এক অপার সম্ভাবনার ক্ষেত্র। বিভিন্ন বৈশ্বিক কনসাল্টিং ফার্মগুলোতে স্ট্র্যাটেজিক কনসালট্যান্ট হিসেবে কাজ করার ক্ষেত্রে আইবিএ ব্যাকগ্রাউন্ড অত্যন্ত শক্ত ভিত্তি তৈরি করে দেয়। করপোরেট চাকরির গণ্ডি পেরিয়ে বহু আইবিএ গ্র্যাজুয়েট আজ সফল স্টার্টআপ প্রতিষ্ঠাতা বা প্রযুক্তিভিত্তিক উদ্যোগের কর্ণধার। তাঁদের উদ্ভাবনী মানসিকতা এবং বিজনেস প্ল্যানিং দক্ষতা তাদের দ্রুত বিনিয়োগ আকর্ষণে সাহায্য করে। এ ছাড়া পৃথিবীখ্যাত শীর্ষ বিজনেস স্কুলগুলোতে এমবিএ বা উচ্চশিক্ষার জন্য আইবিএ ডিগ্রি আন্তর্জাতিক অঙ্গনে দারুণ গ্রহণযোগ্যতা পেয়ে থাকে।
বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের বিষয় নিয়ে কেন পড়বেনভর্তি পরীক্ষার প্রস্তুতির প্রস্তুতি—

আইবিএর ভর্তি পরীক্ষায় আসন নিশ্চিত করতে হলে প্রয়োজন সুশৃঙ্খল, লক্ষ্যভিত্তিক এবং কঠোর প্রস্তুতি। আইবিএর প্রশ্নপদ্ধতি অন্যান্য সাধারণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তুলনায় সম্পূর্ণ স্বতন্ত্র ও প্রতিযোগিতামূলক।
আইবিএ ভর্তি পরীক্ষায় সাধারণত তিনটি প্রধান অংশে প্রশ্ন আসে। ইংরেজি ভাষা ও দক্ষতায় গ্রামাটিক্যাল কারেকশন, সেন্টেন্স কমপ্লিশন, রিডিং কম্প্রিহেনশন, ভোকাবুলারি এবং অ্যানালজি থাকে। এখানে শুধু মুখস্থ বিদ্যা নয়, বরং ভাষার ওপর গভীর বোধশক্তি পরীক্ষা করা হয়। গণিত বা কোয়ানটিটিভি অ্যাবিলিটি অংশে উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক স্তরের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি এবং সম্ভাবনা নিয়ে প্রশ্ন আসে। আইবিএ-এর ম্যাথ অংশ বেশ ট্রিকি হয়; কম সময়ে সঠিক হিসাব করার দক্ষতা এখানে অত্যন্ত জরুরি। এ ছাড়া বিশ্লেষণাত্মক দক্ষতা বা অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি অংশে বিভিন্ন পাজল, কন্ডিশনাল প্রবলেম, ডিডাকশন এবং ক্রিটিক্যাল রিজনিং থাকে। এই অংশটি প্রার্থীর লজিক্যাল থিংকিং ও বুদ্ধিমত্তাকে যাচাই করে। ভর্তি পরীক্ষায় উর্ত্তীর্ণ হওয়ার পরে কমিউনিকেশন টেস্টের অংশ হিসেবে ভাইভা বোর্ডের মুখোমুখি অংশ নিতে হয়।
বিশ্ববিদ্যালয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কেন পড়বেনভর্তি প্রস্তুতিতে কার্যকরী টিপস—

*বেসিক শক্ত করা: গণিতের ক্ষেত্রে সূত্র ও শর্টকাট জানার পাশাপাশি প্রতিটি বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। বিগত ১০-১৫ বছরের প্রশ্ন বিশ্লেষণ করে কোন ধরনের অঙ্ক বেশি আসে তা চিহ্নিত করুন।
*ইংরেজি ভোকাবুলারি ও রিডিং হ্যাবিট: প্রতিদিন নিয়মিত ইংরেজি সংবাদপত্রের সম্পাদকীয় অংশ পড়ার অভ্যাস করুন। এতে রিডিং কম্প্রিহেনশন এবং ভোকাবুলারি উভয় ক্ষেত্রেই দক্ষতা বৃদ্ধি পাবে।
*টাইম ম্যানেজমেন্ট ও মক টেস্ট: আইবিএ পরীক্ষায় সময়ের হিসাব অত্যন্ত কড়া। কোন সেকশনে কত সময় দেবেন, তা নির্ধারণ করতে নিয়মিত মডেল টেস্ট বা মক টেস্ট দিন। ঘড়ি ধরে পরীক্ষা দেওয়ার অভ্যাস করলে পরীক্ষার হলের চাপ সামলানো সহজ হবে। প্রতিটি সেকশনে পৃথকভাবে ন্যূনতম পাস নম্বর অর্জন করতে হয়। তাই কোনো একটি অংশকে অবহেলা না করে সব বিষয়ের ওপর সমান্তরাল জোর দিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে পড়াশোনা করা কেবল একটি ডিগ্রি অর্জন নয়; এটি জীবনকে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার সোনালি সুযোগ। দীর্ঘমেয়াদি লক্ষ্য, কঠোর পরিশ্রম এবং সঠিক কৌশলগত প্রস্তুতি একজন শিক্ষার্থীকে এই কঠিন বাছাইপ্রক্রিয়ার বৈতরণি পার হতে সাহায্য করবে। আপনার মেধা, ধৈর্য এবং সঠিক দিকনির্দেশনা আইবিএর আঙিনায় আপনার উজ্জ্বল ভবিষ্যতের দুয়ার উন্মুক্ত করে দিক, এই শুভকামনাই রইল।
*জাহিদ হোসাইন খান, এমফিল গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইএমবিএ গ্র্যাজুয়েট, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেনবাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রক্রিয়া আরও সহজ করল জার্মানি

Source - www.prothomalo.com ↗