Bangladesh · 2026-11-17 10:14:15

ব্রাজিলের ‘ব্রেন’ আর নেই, বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী জীবিত ফুটবলার এখন কে

ব্রাজিলের ‘ব্রেন’ আর নেই, বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী জীবিত ফুটবলার এখন কে
দূরদর্শিতা, বুদ্ধিমত্তা ও নিখুঁত পাস দেওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবলে তাঁর নাম ছিল ‘দ্য ব্রেন।’ সেই সময়ের অভিজাত ডিফেন্সিভ মিডফিল্ডারদের একজন। ভুল করতেন খুব কম। প্রতিপক্ষের কাছ থেকে বল কাড়তে তাঁকে ফাউল করতে হতো না। দারুণ ছিলেন দূরপাল্লার শটেও। কার্লো আনচেলত্তির বর্তমান ব্রাজিল দলে এখন এমন একজন ৫ নম্বর জার্সির প্রচণ্ড অভাব।
কিন্তু ‘দ্য ব্রেইন’ খ্যাত দিনো সানির কল্যাণে এক সময় তা ছিল না। পঞ্চাশ ও ষাটের দশকের ব্রাজিলিয়ান এবং ইতালিয়ান ফুটবল মাতানো সেই সানি গত রোববার ৯৪ বছর বয়সে মারা গেছেন। ব্রাজিলের ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করার পর অদল-বদল ঘটেছে একটি তালিকায়।
এত দিন সানিই ছিলেন বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী জীবিত ফুটবলার। তিনি জায়গাটি ছেড়ে অনন্তলোকে প্রস্থানের পর সেখানে বসলেন এখন ৯১ বছর বয়সী পেপে। সান্তোসের এ কিংবদন্তি সানির সঙ্গে জিতেছেন ১৯৫৮ বিশ্বকাপ এবং তারপর ১৯৬২ বিশ্বকাপও জেতেন।
দিনো সানি (১৯৩২–২০২৬)বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী জীবিত ফুটবলারের বর্তমান তালিকার শীর্ষ পাঁচে ব্রাজিলিয়ানদের আধিপত্য। চারজনই ব্রাজিলিয়ান। দুইয়ে ১৯৫৮ বিশ্বকাপজয়ী ৯০ বছর বয়সী ব্রাজিলের সাবেক মিডফিল্ডার মোয়াকির। তিনে ৮৮ বছর বয়সী হোসে আলতাফিনি। মাজ্জোলা নামেও পরিচিতি আছে ’৫৮ বিশ্বকাপজয়ীর। ইংল্যান্ডের হয়ে ১৯৬৬ বিশ্বকাপজয়ী ৮৭ বছর বয়সী সাবেক ফরোয়ার্ড টেরি পাইন চারে। ’৬২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড আমারিল্ডো পাঁচে। তাঁর বয়সও ৮৭ বছর।
দিনোর মৃত্যুতে ১৯৫৮ বিশ্বকাপজয়ী ব্রাজিল স্কোয়াডের জীবিত সদস্যসংখ্যা নেমে এল তিনজনে—পেপে, মোয়াকির ও মাজ্জোলা। সুইডেনে ৬৮ বছর আগের সেই বিশ্বকাপে ব্রাজিলের ২২ জনের স্কোয়াডে ১৯ জনই মারা গেছেন।
মাথায় করে রেখেছিল ব্রাজিলিয়ানরা, মাটিতে পড়েছেন আনচেলত্তি২০২৪ সালের ৫ জানুয়ারি মারিও জাগালোর মৃত্যুর পর বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী জীবিত ফুটবলারের খেতাবটা ধরে রেখেছিলেন সানো। তবে ’৫৮ বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের মূল একাদশের একজনও আর জীবিত নেই। জাগালোর মৃত্যুর মধ্য দিয়ে সে অধ্যায়ের শেষ হয়। সানো সে বিশ্বকাপে গ্রুপ পর্বে দুটি ম্যাচ (অস্ট্রিয়া ও ইংল্যান্ড) খেলার পর চোটে ছিটকে পড়েন। জিতো খেলেছিলেন তাঁর জায়গায়। জিতো মারা যান ২০১৫ সালে।
১৯৩২ সালে সাও পাওলোয় জন্ম নেওয়া সানির ক্যারিয়ারের শুরু পালমেইরাসে। আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সে খেলা ব্রাজিলের অল্প কিছু ফুটবলারদের একজনও সানি। ইতালিয়ান বংশোদ্ভূত মা–বাবার ঘরে জন্ম নেওয়া সানির সেরা সময় কেটেছে এসি মিলানে। ইতালিয়ান ক্লাবটির হয়ে জিতেছেন সিরি আ (১৯৬১-৬১) ও ইউরোপিয়ান কাপ (১৯৬২-৬৩)। অবসর নেওয়ার পর কোচিংয়েও যুক্ত ছিলেন দীর্ঘদিন। ব্রাজিলের হয়ে ২৪ ম্যাচে ৪ গোল করার পথে জিতেছেন ১৬ ম্যাচ, ৪ ড্র ও ৪ হার।
দিনো সানি। যখন এসি মিলানে ছিলেনবিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী জীবিত ফুটবলারের ব্যাটনটি সানি যাঁর কাছে রেখে গেলেন, সেই পেপের জন্ম ১৯৩৫ সালের ২৫ ফেব্রুয়ারি। পুরো ক্যারিয়ার কেটেছে সান্তোসেই। ক্লাবটির হয়ে ৭৪১ ম্যাচে করেছেন ৪০৫ গোল। ক্লাবের নথি অনুযায়ী পেলের পরই সান্তোসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা পেপে। বাঁ পায়ের শটে প্রচণ্ড জোর থাকায় তাঁকে ডাকা হতো ‘ক্যানন অব ভিলা বেলমিরো’ বা ভিলা বেলমিরোর কামান।
১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপে ব্রাজিল স্কোয়াডে থাকলেও এক ম্যাচও খেলতে পারেননি পেপে। দুটি বিশ্বকাপের আগেই প্রীতি ম্যাচে চোটে পড়েন। বিশ্বকাপে তাঁর জায়গায় খেলেন ‘বুড়ো নেকড়ে’ খ্যাত জাগালো।

Source - www.prothomalo.com ↗