Bangladesh · 2026-11-17 13:04:49

কেন আত্মকথা লিখলেন, জানালেন সোনিয়া গান্ধী

কেন আত্মকথা লিখলেন, জানালেন সোনিয়া গান্ধী
প্রথম সপ্তাহে দুই লাখ কপি বই বিক্রি হয়ে যাওয়ার পর গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’।
সেখানে সোনিয়া গান্ধী জানান, সত্যের প্রকাশের জন্যই তিনি এই স্মৃতিচারণা করছেন। তিনি জানান, অনেক টালবাহানা, অনেক দ্বন্দ্ব শেষে নিজের কলমে নিজের কথা লিখতে তিনি রাজি হয়েছিলেন। বলেন, ‘এত বছর ধরে আমি, আমার শাশুড়ি, স্বামী, ছেলে, মেয়ে ও গান্ধী পরিবারকে নিয়ে অনেক কিছু লেখা হয়েছে, যার অধিকাংশই ভিত্তিহীন ও অসত্য।’
প্রিয়াঙ্কা বললেন ‘নিজের গল্প বলার অধিকার মায়ের আছে’, সোনিয়ার বই অবলম্বনে চলচ্চিত্র হবেগতকাল রাজধানী নয়াদিল্লির এক সাততারা হোটেলে এই অনুষ্ঠান বিরোধী শিবির ‘ইন্ডিয়া’ জোটের জোটবদ্ধতারও প্রদর্শন ছিল। গান্ধী পরিবারের সঙ্গে হাজির ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ শীর্ষ নেতারা। ছিলেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ও তাঁর স্ত্রী ডিম্পল, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যোসেফ বিজয়, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, তাঁর বাবা জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতি, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা শরদ পাওয়ারের মেয়ে ও লোকসভার সদস্য সুপ্রিয়া সুলে। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিংয়ের স্ত্রী গুরশরণ কৌর ও কংগ্রেস–শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন পাঞ্জাবের সাবেক কংগ্রেস মুখ্যমন্ত্রী বর্তমানে বিজেপি নেতা ক্যাপ্টেন অমরিন্দর সিং।
পাঞ্জাবে নির্বাচনের আগে এ অনুষ্ঠানে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের উপস্থিতি নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিতবাহী। যদিও অনুষ্ঠান শেষে প্রবীণ নেতা বলেছেন, এটা সামাজিক অনুষ্ঠান। রাজনৈতিক মঞ্চ নয়। এখানে কংগ্রেসে যোগ দেওয়ার প্রশ্ন তোলা অর্থহীন।
ভালো খাবার খুঁজতে গিয়েই রাজীবের সঙ্গে দেখা সোনিয়ার, ভারতীয় আর কোন খাবার পছন্দপ্রকাশক হারপার কলিন্সের এই অনুষ্ঠানে সোনিয়ার সঙ্গে আলাপচারিতায় অংশ নেন প্রকাশনা সংস্থার এক্সিকিউটিভ পাবলিশার অ্যান্ড রাইটস ডিরেক্টর পৌলমী চ্যাটার্জি। সেই আলাপচারিতায় সোনিয়া ব্যাখ্যা করেন কেন তিনি অনেক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে এ বই লেখার সিদ্ধান্ত নেন। পরিবার নিয়ে নানা ‘ভিত্তিহীন ও অসত্য’ কথা লেখার উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের প্রকৃত জীবনযাত্রার সঙ্গে সেসবের কোনো মিল নেই। কোনো সম্পর্কই নেই। মানুষ এমন সব গল্প ফাঁদে, মিথ্যাচার করে, বেদনাদায়ক আলোচনা করে, যার সঙ্গে সত্যের সম্পর্ক নেই। তাই ভেবেছি, এই বই আমার অনুভূতিগুলো প্রকাশের মাধ্যম হতে পারে। আমার পরিবার সম্পর্ক আমি যা জানি, তা তুলে ধরার একটি উপায় হতে পারে। মনে হয়েছে, হয়তো মানুষ আমার গল্প শুনতে আগ্রহী হবেন।’
সোনিয়া স্বীকার করেন, স্মৃতিকথা লেখা নিয়ে তাঁর মধ্যে জমে থাকা দ্বিধাদ্বন্দ্ব কাটাতে সাহায্য করেছেন তাঁর পুত্র রাহুল ও কন্যা প্রিয়াঙ্কা। প্রধানত তাঁরা এবং তাঁর বহু দশকের বন্ধু মঞ্জুলিকা দুবের পীড়াপীড়িতে তিনি শেষ পর্যন্ত রাজি হন। প্রয়াত রাজীব গান্ধীর ঘনিষ্ঠ বাল্যবন্ধু সাংবাদিক সুমন দুবের স্ত্রী মঞ্জুলিকা।
দুবার ক্যানসারে আক্রান্ত হয়ে সেরে উঠেছেন সোনিয়া গান্ধীসোনিয়া বলেন, মঞ্জুলিকা তাঁকে বারবার বলতেন, ‘তোমার গল্প তোমাকেই বলতে হবে।’ আত্মকথার নাম কেন ‘বিলংগিং’, সোনিয়া তারও ব্যাখ্যা দেন। তিনি বলেন, এই ইংরেজি শব্দের অর্থ অন্তর্ভুক্ত হওয়া বা মানিয়ে নেওয়া। এ ধারণাই এই বইয়ে বারবার উঠে এসেছে। এই শব্দটিই গোটা বইয়ে মূল সূর হয়ে অনুরণিত হয়েছে। তিনি বলেন, এটা শুধু ইতালি থেকে ভারতে এসেছেন বলে তাঁর একার অনুভূতি নয়, এটা এ দেশের অসংখ্য নারীর জীবনের বাস্তবতা। যেভাবে তিনি ইটালি থেকে ভারতে এসে মানিয়ে নিয়েছেন, পরিবার ও দেশের সঙ্গে একাত্ম হয়েছেন, বিয়ের পর প্রতিটি নারীকেও সেভাবে ভিন্ন পরিবার ও পরিবেশে মানিয়ে নিতে হয়। সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠার চেষ্টা চালাতে হয়। সোনিয়া বলেন, সম্পূর্ণ ভিন্ন দেশ, ভিন্ন সমাজ ও ভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য থেকে এসে রাজীব, তাঁর পরিবার ও ভারতকে ভালোবেসে ফেলেছেন। ভারতকেই নিজের দেশ হিসেবে আপন করে নিয়েছেন। তিনি বলেন, ‘আপনি বাইরের কেউ হলে এমনটা আপনার মনে হতে বাধ্য যে কেউ যেন সব সময় আপনাকে নজরে রেখেছে। পর্যবেক্ষণ করছে। সেই অবস্থায় ভুল হয়ে যাওয়ার এক নিরন্তর ভয় আপনার মধ্যে থাকবেই। সেই পরিবেশে নিজের জায়গা করে নেওয়ার জন্য এক নিরন্তর প্রচেষ্টার প্রয়োজন হয়।’ এই দীর্ঘ যাত্রাই তাঁর কাছে ‘বিলংগিং’ বা অন্তর্ভুক্তি। একাত্ম হওয়ার প্রচেষ্টা।
জন্মের এক দিন পরই প্রথম সন্তানের মৃত্যু, সেই শোক কতটা ভুগিয়েছিল সোনিয়াকেআত্মকথা লেখার সময় অনেক সময় সোনিয়া প্রবলভাবে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। যেমন সোনিয়ার কথায়, শাশুড়ি ইন্দিরা ও স্বামী রাজীবের মৃত্যুর প্রসঙ্গ লেখার সময়। তিনি বলেন, ‘জীবনের শুরুর দিকের কাহিনি অনায়াসেই লিখতে পেরেছি। কিন্তু বেদনাদায়ক মুহূর্তগুলো নতুনভাবে মনে করাটা অত্যন্ত কঠিন ছিল। তখন আমি উপযুক্ত শব্দ খুঁজে পাচ্ছিলাম না। হিমশিম খাচ্ছিলাম। সেই সময়ে আমার বন্ধুরা ও আমার মেয়ে আমাকে থামতে দেননি। লেখা চালিয়ে যেতে ক্রমাগত উৎসাহ জুগিয়ে গেছেন।’
সোনিয়া বলেছেন, অনেকের মতো ডায়েরি লেখার অভ্যাস তাঁর ছিল না। তিনি কোনো দিন তা করেননি। ফলে নিজের জীবন ও রাজনৈতিক ঘটনাপ্রবাহ তুলে ধরা আরও কঠিন হয়ে উঠেছিল। তিনি বলেন, তাঁর কাছে হাতে লেখা কিছু নোট ছিল। তা ছাড়া অটল বিহারি বাজপেয়ীর শাসনামলে তিনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন, সেই সময় কিছু ঘটনাবলির নোট তিনি রেখেছিলেন।
সোনিয়া স্বীকার করেছেন, শুরু থেকেই তিনি শাশুড়ি মা ইন্দিরার বড় অনুরাগী ছিলেন। তিনি ছিলেন ব্যক্তিত্বময়ী এক নারী। সোনিয়া কবুল করেছেন, ইন্দিরা গান্ধীকে তিনি খুব ভয়ও পেতেন। তিনি বলেন, বইটির প্রতি মানুষের প্রতিক্রিয়া অভূতপূর্ব। তিনি গভীরভাবে আপ্লুত।
সোনিয়া গান্ধীর বইয়ের প্রকাশনা অনুষ্ঠান কাল, যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী বিজয়

Source - www.prothomalo.com ↗