Bangladesh · 2026-11-17 12:00:00

হোয়াটসঅ্যাপে একবার দেখার পরই অদৃশ্য হয়ে যাবে ছবি ও ভিডিও

হোয়াটসঅ্যাপে একবার দেখার পরই অদৃশ্য হয়ে যাবে ছবি ও ভিডিও
হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও আদান-প্রদানের অভিজ্ঞতায় নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা সরাসরি অ্যাপের ক্যামেরা দিয়ে ছবি ও আকারে ছোট ভিডিও ধারণ করে অন্যদের পাঠাতে পারবেন। তবে সাধারণ ছবি ও ভিডিওর মতো সেগুলো চ্যাটে থেকে যাবে না। প্রাপক একবার দেখার পরই স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে পাঠানো ছবি ও ভিডিও। নতুন এ সুবিধা চালুর বিষয়ে মেটা আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৬.৪৬.২ বেটা সংস্করণে সুবিধাটির কোডের সন্ধান পাওয়া গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো।
ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, গুগল প্লে স্টোরে পাওয়া সংস্করণটি বিশ্লেষণ করে জ্যাপসের সম্ভাব্য কার্যপ্রণালি সম্পর্কে বিভিন্ন তথ্য জানা গেছে। ইনস্টাগ্রাম চলতি বছরের ১৩ মে ‘ইনস্ট্যান্টস’ সুবিধা চালু করে। এর মাধ্যমে ব্যবহারকারীরা দৈনন্দিন জীবনের স্বতঃস্ফূর্ত মুহূর্তের ছবি ও ছোট ভিডিও ধারণ করে কাছের বন্ধু এবং পারস্পরিক অনুসরণকারীদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। এসব ছবি বা ভিডিও সাধারণত অতিরিক্ত সম্পাদনা ছাড়াই পাঠানো হয়। হোয়াটসঅ্যাপের জ্যাপসেও একই ধরনের অভিজ্ঞতা পাওয়া যাবে।
জ্যাপস ব্যবহারের সময় ব্যবহারকারীরা সরাসরি হোয়াটসঅ্যাপের ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন। তবে ভিডিওর সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে, তা এখনো জানা যায়নি। ইনস্টাগ্রামের ইনস্ট্যান্টসে প্রায় ৬ সেকেন্ডের ভিডিও পাঠানো যায়। জ্যাপসের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো প্রাপক একবার দেখার পরই পাঠানো ছবি বা ভিডিওটি তার চ্যাট থেকে অদৃশ্য হয়ে যাবে।
নতুন এই সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের চ্যাটস ট্যাবে ক্যামেরা চালুর জন্য লাইটিং বোল্ট চিহ্নযুক্ত একটি আইকন দেখা যেতে পারে। ওই আইকনে ট্যাপ করলেই চালু হবে বিশেষ ক্যামেরা। সেখান থেকে তাৎক্ষণিকভাবে ছবি বা ভিডিও ধারণ করে অন্যদের পাঠানো যাবে।
হোয়াটসঅ্যাপের অন্যতম প্রধান নিরাপত্তাব্যবস্থা এন্ড-টু-এন্ড এনক্রিপশন। জ্যাপসেও এই প্রযুক্তি যুক্ত থাকতে পারে বলে জানিয়েছে ডব্লিউএবেটাইনফো। ফলে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ পাঠানো ছবি বা ভিডিও দেখতে পারবেন না।
জ্যাপস পাঠানোর সুযোগ শুধু পারস্পরিক পরিচিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পরিচিত ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন গ্রুপেও এই ছবি ও ভিডিও পাঠানো যাবে। এমনকি চ্যানেলেও জ্যাপস পাঠানোর সুবিধা যুক্ত হতে পারে। তবে চ্যানেলের ক্ষেত্রে সুবিধাটি কীভাবে কাজ করবে, তা এখনো স্পষ্ট নয়।
ইনস্টাগ্রামে ইনস্ট্যান্টসের জন্য আলাদা বিভাগ থাকলেও হোয়াটসঅ্যাপে জ্যাপস সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তির চ্যাটেই দেখা যাবে। একসঙ্গে একাধিক ছবি বা ভিডিও পাঠালে সেগুলো আলাদা বার্তা হিসেবে না দেখিয়ে একটি বার্তার মধ্যে গুচ্ছ আকারে দেখাতে পারে অ্যাপটি। বার্তায় মোট কতটি জ্যাপস পাঠানো হয়েছে, সেটিও উল্লেখ থাকবে। প্রাপক চাইলে ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারবেন। পাশাপাশি লিখিত বার্তা পাঠিয়েও উত্তর দেওয়ার সুযোগ থাকবে।
জ্যাপসের আরেকটি বিশেষ দিক হলো প্রাপক একবার দেখার পর আর ছবি বা ভিডিওটি দেখতে পারবেন না। তবে প্রেরক নিজের চ্যাটে পাঠানো জ্যাপস দেখতে পারবেন, অর্থাৎ একই ছবি বা ভিডিও প্রাপকের জন্য অদৃশ্য হয়ে গেলেও প্রেরকের কাছে সেটি দৃশ্যমান থাকবে।
সূত্র: ইন্ডিয়া টুডে

Source - www.prothomalo.com ↗