বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতের আহ্বান জানিয়ে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে বাংলাদেশ। প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ। বিপক্ষে ভোট পড়েছে ৩৩টি। আর বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত ছিল।
‘মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতকরণ’ শীর্ষক প্রস্তাবটি উত্থাপন করে মেক্সিকো। গত ১৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে প্রস্তাবটি অনুমোদিত হয়।
প্রস্তাবের বিরোধিতা করে ভোট দেওয়া ৩৩টি দেশের মধ্যে রয়েছে ভারত, বাহরাইন, চীন, মিসর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র।
এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে বাংলাদেশ এ ধরনের প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়ে আসছিল। তবে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের ভোট দেওয়ার অবস্থানে পরিবর্তন এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারের অংশ হিসেবে এবার বাংলাদেশ ভোটদানে বিরত থেকেছে। তবে দেশে মৃত্যুদণ্ডের বিধান বহাল থাকায় প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি।
মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত বাংলাদেশ

প্রস্তাবটিতে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করার আহ্বান জানানো হয়েছে, যার চূড়ান্ত লক্ষ্য এ শাস্তি বিলুপ্ত করা। একই সঙ্গে যেসব দেশ মৃত্যুদণ্ড বিলুপ্ত করেছে, তাদের এ শাস্তি পুনরায় চালু না করার আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘের তথ্যমতে, বিশ্বের অধিকাংশ দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড বিলুপ্ত করেছে অথবা এর প্রয়োগ স্থগিত রেখেছে। সংস্থাটির মতে, অপরাধ দমন কিংবা ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের কার্যকর ভূমিকার যথেষ্ট প্রমাণ নেই।
জাতিসংঘ আরও বলেছে, একবিংশ শতাব্দীতে মৃত্যুদণ্ডের মতো শাস্তির কোনো স্থান থাকা উচিত নয়। এ কারণে বিশ্বব্যাপী মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতের আহ্বান জানিয়ে আসছে সংস্থাটি।
সূত্র: ইউএনবি
Source - www.bd24live.com ↗