Bangladesh · 2026-11-17 15:47:53

পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালে কাজ শুরু

পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালে কাজ শুরু
প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে আজ মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা কাজে যোগ দেন।
এর আগে গ্র্যাচুইটিসহ আর্থিক সুবিধা পরিশোধের দাবিতে আজ মঙ্গলবার সকাল আটটায় প্রথম পালা থেকে দুটি টার্মিনালের কার্যক্রম বন্ধ করে দিয়েছিলেন শ্রমিক-কর্মচারীরা। টার্মিনাল দুটি হলো নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি)।
চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালে কাজ বন্ধ করে শ্রমিকদের বিক্ষোভ বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম সাংবাদিকদের দুপুর ১টা ১৯ মিনিটে হোয়াটসঅ্যাপ বার্তায় জানান, ‘বন্দরের এনসিটি ও সিসিটি টার্মিনালে কাজ শুরু হয়েছে।’
বন্দরের তথ্য অনুযায়ী, চুক্তি অনুযায়ী এনসিটি দুবাইভিত্তিক ডিপিওয়ার্ল্ডের হাতে হস্তান্তর হচ্ছে। টার্মিনালটিতে বর্তমানে চিটাগং ড্রাই ডক লিমিটেড পরিচালনার দায়িত্বে থাকলেও সেখানে কাজ করছে সাইফ পাওয়ারটেক লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা। অন্যদিকে সিসিটি বর্তমানে সাইফ পাওয়ারটেক পরিচালনা করলেও এটিও বিদেশিদের হাতে দেওয়ার প্রক্রিয়া চলছে। এ পরিস্থিতিতে টার্মিনাল দুটিতে এক হাজার নিয়মিত শ্রমিক-কর্মচারীর চাকরি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
শ্রমিকেরা জানান, টার্মিনাল দুটিতে কর্মরত শ্রমিকেরা গ্র্যাচুইটি, অর্জিত ছুটি, প্রণোদনাসহ নানা আর্থিক সুবিধা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। দাবি পূরণ না হওয়ায় তাঁরা আজ সকাল থেকে টার্মিনাল দুটিতে কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এরপর বন্দর কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে আলোচনা করে। এ সময় দাবি পূরণের আশ্বাস পেয়ে তাঁরা কাজে যোগ দিয়েছেন।

Source - www.prothomalo.com ↗