Bangladesh · 2026-11-17 15:42:44

বারিধারার বাসায় আসা–যাওয়া করতেন সাঈদ খোকন, হত্যা মামলায় গ্রেপ্তার

বারিধারার বাসায় আসা–যাওয়া করতেন সাঈদ খোকন, হত্যা মামলায় গ্রেপ্তার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন প্রথম আলোকে এ কথা বলেছেন।
সাঈদ খোকনকে ধানমন্ডি থানার জুলাই আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান আকতার হোসেন। তাঁকে আদালতে পাঠানো হবে। তবে এর বেশি বিস্তারিত তথ্য তিনি জানাতে পারেননি।
গত ৩ থেকে ৪ মাস ধরে সাঈদ খোকন বারিধারায় ওই বাসাটিতে যাওয়া-আসা করতেন। তবে নিয়মিত সেখানে থাকতেন না তিনি। এর আগেও ডিবি তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করেছিল।
এর আগে সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)। পরে তাঁকে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
ডিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে এসআরবি-০১ এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
ডিবি সূত্র জানায়, সাঈদ খোকনের বিরুদ্ধে প্রায় ৩০টির মতো মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা ২১টি। এ ছাড়াও অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারের একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।
মোহাম্মদ সাঈদ খোকন ঢাকা–৬ আসনের সাবেক সংসদ সদস্য। এর আগে তিনি ডিএসসিসির প্রথম মেয়র ছিলেন। সাঈদ খোকন অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

Source - www.prothomalo.com ↗