বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি চিত্রকর্ম নিলামে বিক্রি নিয়ে বিরোধ তৈরি হয়েছে। ছবিটির সাবেক মালিক জার্মান প্রকাশক স্যামুয়েল ফিশারের উত্তরাধিকারীরা এর বিক্রিতে আপত্তি জানিয়েছেন। তাদের দাবি, নাৎসি শাসনামলে আর্থিক সংকটের কারণে ১৯৩৬ সালে বাধ্য হয়ে ছবিটি বিক্রি করেছিল তাদের পরিবার।
তবে উত্তরাধিকারীদের আপত্তি সত্ত্বেও নির্ধারিত সময়েই ছবিটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে নিলাম প্রতিষ্ঠান সোথেবি’স। বুধবারের নিলামে ছবিটির দাম ১৮ কোটি ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা। এই দামে বিক্রি হলে ভ্যান গগের কোনো শিল্পকর্মের সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড গড়বে ছবিটি।
১৮৯০ সালে ফ্রান্সের আভের-সুর-ওয়াজ এলাকায় ছবিটি আঁকেন ভ্যান গগ। ‘শাতানিয়ে আঁ ফ্লর’ (চেস্টনাট গাছের ফুল) নামের ছবিটিতে ফুলে ভরা চেস্টনাট গাছের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।
২ হাজার ২০০ কোটি টাকায় উঠছে ভ্যান গগের ছবি

জার্মানির প্রভাবশালী প্রকাশক স্যামুয়েল ফিশার ১৯০৯ সালে প্যারিস থেকে ছবিটি কিনেছিলেন। তার উত্তরাধিকারীদের দাবি, নাৎসি শাসনামলে পরিবারের আর্থিক সংকটের কারণে ১৯৩৬ সালে ছবিটি বিক্রি করতে বাধ্য হন তারা। এ কারণে ওই বিক্রির পরিস্থিতি এবং ছবিটির তৎকালীন দাম নিয়ে প্রশ্ন তুলেছেন উত্তরাধিকারীরা।
তাদের আইনজীবী গুনার শ্নাবেল সোথেবি’সের কাছে প্রমাণ চেয়েছেন, ছবিটি যথাযথ বাজারদরে বিক্রি হয়েছিল কি না। পাশাপাশি তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি না থাকলেও ফিশার পরিবার ছবিটি বিক্রি করত কি না, সে বিষয়েও ব্যাখ্যা চেয়েছেন তিনি।
তবে সোথেবি’স বলছে, ছবিটির মালিকানা ও হাতবদলের ইতিহাস নিয়ে তারা বিস্তারিত অনুসন্ধান করেছে। তাদের গবেষণায় এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে, ছবিটি চাপের মুখে অথবা বাজারদরের চেয়ে কম দামে বিক্রি করা হয়েছিল।
নিলাম প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ফিশার পরিবারের উত্তরাধিকারীদের সঙ্গে তাদের আলোচনা চলছে। দুই পক্ষের মধ্যে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা করছে তারা।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ বিষয়ে দুই পক্ষের মধ্যে নিউইয়র্কে একটি বৈঠক হওয়ার কথা ছিল।
সূত্র: আরব নিউজ (এএফপির বরাতে)
Source - www.bd24live.com ↗