Bangladesh · 2026-11-17 17:22:15

ওসমান ফারুকের পদত্যাগপত্র স্পিকার পান ১৫ নভেম্বর, কিশোরগঞ্জ–৩ আসন শূন্য

ওসমান ফারুকের পদত্যাগপত্র স্পিকার পান ১৫ নভেম্বর, কিশোরগঞ্জ–৩ আসন শূন্য
বিএনপির জ্যেষ্ঠ নেতা ওসমান ফারুকের পদত্যাগের কারণে জাতীয় সংসদের কিশোরগঞ্জ–৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৈঠকের শুরুতে সংসদকে ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি অবহিত করেন এবং ওই আসন শূন্য ঘোষণা করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৈঠকের শুরুতে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ১৬৪, কিশোরগঞ্জ–৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র প্রেরণ করেছেন।
স্পিকার জানান, পদত্যাগপত্রটি তিনি (স্পিকার) ১৫ নভেম্বর পেয়েছেন। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় তিনি তা গ্রহণ করেছেন।
সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ উল্লেখ করে স্পিকার বলেন, স্পিকার যখন পদত্যাগপত্র পান, তখন থেকে ওই সদস্যের আসন শূন্য হবে। এ অবস্থায় ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ–৩ আসনটি শূন্য হওয়ার বিষয়টি সংসদকে অবহিত করা হলো।
২০০১ সালে বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ-৪ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। একই বছরের ১০ অক্টোবর খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার–দলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। ওসমান ফারুক দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন।
গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ অক্টোবর প্রায় আট বছর পর দেশে ফেরেন ওসমান ফারুক। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে পুনরায় বিএনপির মনোনয়ন পান ওসমান ফারুক এবং জয়ী হন। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানও। সংসদ থেকে পদত্যাগ করলেও দলীয় পদ থেকে তিনি সরে যাওয়ার ঘোষণা দেননি।

Source - www.prothomalo.com ↗