Bangladesh · 2026-11-17 17:10:37

ভারতের টিভিএস পরিবারের সম্পত্তির ভাগ চেয়ে বাবাকে আইনি নোটিশ দিলেন লক্ষ্মী ভেনু

ভারতের টিভিএস পরিবারের সম্পত্তির ভাগ চেয়ে বাবাকে আইনি নোটিশ দিলেন লক্ষ্মী ভেনু
ভারতের শিল্পগোষ্ঠী টিভিএস পরিবারের সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ এবার আইনি পর্যায়ে গড়িয়েছে। পরিবারের প্রবীণ সদস্য ভেনু শ্রীনিবাসনের মেয়ে লক্ষ্মী ভেনু তাঁর বাবার নিয়ন্ত্রণে থাকা যৌথ পারিবারিক সম্পত্তির আইনগত বণ্টন চেয়ে নোটিশ দিয়েছেন।
আইনি নোটিশে লক্ষ্মীর বক্তব্য, পরিবারের প্রধান হিসেবে ভেনু শ্রীনিবাসন যেন তাঁর দায়িত্ব যথাযথ পালন করেন। পরিবারের সম্পদ ন্যায্য ও আইনসম্মতভাবে ভাগ করে দেওয়ার আহ্বান জানান তিনি। খবর এনডিটিভি।
লক্ষ্মী ভেনুর দাবি, ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইনের ২০০৫ সালের সংশোধনী অনুযায়ী, বাবার পূর্বপুরুষদের সম্পত্তিতে ছেলেদের মতো মেয়েদেরও সমান অধিকার আছে। আইনের ৬ নম্বর ধারার উল্লেখ করে তিনি বলেন, মেয়েরা স্বাধীনভাবেই পারিবারিক সম্পত্তির ভাগ চাইতে পারেন।
২০২০ সালে টিভিএস পরিবারের সম্পত্তির বণ্টন হয়। তখন ভেনু শ্রীনিবাসনের ভাগে পড়ে বেশ কিছু ব্যবসা। এর মধ্যে ছিল টিভিএস হোল্ডিংস, টিভিএস মোটর কোম্পানি, টিভিএস ক্রেডিট সার্ভিসেস ও সুন্দরম-ক্লেটনের শেয়ার। এই সম্পদ নিয়েই মূলত বিরোধ চলছে।
২০২০ সালের সমঝোতা নিয়ে প্রশ্ন

লক্ষ্মী ভেনুর মূল বক্তব্য, ২০২০ সালের সেই বণ্টন ভেনু শ্রীনিবাসনের নিজের পরিবারের সম্পত্তির চূড়ান্ত বণ্টন হিসেবে গণ্য হতে পারে না। তাঁর দাবি, পরিবারের সদস্যদের মধ্যে সম্পদ ভাগ করার প্রক্রিয়া শুরু বা সম্পন্ন হয়নি।
লক্ষ্মী ভেনু আরও বলেন, পারিবারিক ব্যবসা পরিচালনার দায়িত্বে থাকলেই কোনো একজন সদস্য সম্পদের একচ্ছত্র মালিক হয়ে যান না। এতে পরিবারের অন্য সদস্যদের আইনগত অধিকার খর্ব হয় না।
তাঁর অভিযোগ, পারিবারিক সম্পদের সুবিধা পাচ্ছেন তাঁর ভাই সুদর্শন, মালিকানার অধিকারও তাঁকে দেওয়া হয়েছে। এতে তাঁর ন্যায্য হিস্যার অধিকার ক্ষুণ্ন হয়েছে। একতরফা সিদ্ধান্তের মাধ্যমে মেয়েদের উত্তরাধিকারের অধিকার অগ্রাহ্য করা যায় না।
তবে আইনি নোটিশ দিলেও বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পথ খোলা রাখতে চান লক্ষ্মী ভেনু। পরিবারের প্রত্যেক সদস্যের অধিকার ও মর্যাদা অক্ষুণ্ন রেখে ন্যায্য সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন তিনি।
মেয়ের দাবির প্রতি মায়ের সমর্থন

এদিকে লক্ষ্মী ভেনুর মা মল্লিকা শ্রীনিবাসন মেয়ের সম্পত্তির দাবির প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। তাঁর মতে, পারিবারিক সম্পদে লক্ষ্মীর ন্যায্য হিস্যা আছে।
মল্লিকা শ্রীনিবাসন বলেন, পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই বিরোধ নিষ্পত্তির চেষ্টা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তেমন অগ্রগতি হয়নি। ছেলে ও মেয়ের সমান অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
সব পক্ষের স্বার্থ বিবেচনায় স্বচ্ছ আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন মল্লিকা শ্রীনিবাসন। তাঁর আশা, পরিবারের সদস্যরা মর্যাদা ও সৌহার্দ্য বজায় রেখে গঠনমূলকভাবে সমাধানের পথে এগোবেন।
কেন এই বিরোধ

টিভিএস পরিবারের বিরোধের মূলে হলো ব্যবসার মালিকানা ও উত্তরাধিকারের প্রশ্ন। ভারতের অন্যতম পুরোনো ব্যবসায়ী গোষ্ঠী টিভিএস প্রতিষ্ঠা করেন টি ভি সুন্দরম আয়েঙ্গার। ১৯১১ সালে যাত্রা শুরু করে এই গোষ্ঠী, যদিও এই ব্যবসা পরবর্তী সময়ে উত্তরসূরিদের মধ্যে ভাগ হয়ে যায়। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।
২০২০ সালে বৃহত্তর টিভিএস পরিবারের সদস্যরা সমঝোতার মাধ্যমে বিভিন্ন ব্যবসা ও সম্পদ ভাগ করে নেন। এরপর ২০২৪ সালের ২০ মার্চ ভেনু শ্রীনিবাসন, তাঁর স্ত্রী মল্লিকা শ্রীনিবাসন এবং দুই সন্তান লক্ষ্মী ও সুদর্শনের মধ্যে সমঝোতা স্মারক সই হয়।
তবে ওই সমঝোতার মাধ্যমে সম্পদের ভাগাভাগি হয়েছিল কি না, তা নিয়েই বিরোধ দেখা দেয়। ভেনু ও সুদর্শনের পক্ষের দাবি, সমঝোতার মাধ্যমে সম্পদের বণ্টন ও ব্যবসা পরিচালনার দায়িত্ব ঠিক করে দেওয়া হয়েছিল। অন্যদিকে লক্ষ্মী ও মল্লিকার বক্তব্য, চুক্তিটি মূলত ব্যবসা পরিচালনাসংক্রান্ত, এতে সম্পদের ন্যায্য মালিকানা নির্ধারিত হয়নি।
গত অক্টোবর মাসে এই বিরোধ প্রকাশ্যে আসে। এরপর পরিবারের চার সদস্য চেন্নাইয়ের আদালতে ক্যাভিয়েট আবেদন করেন, যাতে তাঁদের স্বার্থসংশ্লিষ্ট কোনো বিষয়ে আদেশ দেওয়ার আগে আদালত তাঁদের বক্তব্য শোনেন। এর ধারাবাহিকতায় এবার বাবাকে আইনি নোটিশ দিলেন লক্ষ্মী।

Source - www.prothomalo.com ↗