Bangladesh · 2026-11-17 17:00:26

পলাতক অপশক্তি প্রমাণ করেছে তারা কেন ধিক্কৃত: মাহদী আমিন

পলাতক অপশক্তি প্রমাণ করেছে তারা কেন ধিক্কৃত: মাহদী আমিন
পলাতক অপশক্তি কেন ঘৃণিত ও ধিক্কৃত, তা তারা দেশে-বিদেশে প্রমাণ করেছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
পলাতক অপশক্তির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে মাহদী আমিন বলেন, গত কয়েক দিনে দেশে এবং বিদেশে নিষিদ্ধ সংগঠনের যে সহিংসতা ও নাশকতা দেখা গেছে, তা থেকেই প্রমাণিত হয় কেন ঘৃণিত ও ধিক্কৃত অবস্থায় ফ্যাসিস্ট নেত্রী, তাঁর পুরো পরিবার-পরিজন, তাঁদের মন্ত্রিসভা, সংসদ সদস্য এমনকি বায়তুল মোকাররমের খতিবসহ তাঁদের নিয়োগপ্রাপ্ত সবাইকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। তাঁদের সেই চরিত্র ও অবস্থার আজও কোনো পরিবর্তন হয়নি।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্যের বিষয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আজও দেশের প্রতিটি গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও গোষ্ঠী ঐক্যবদ্ধভাবে মানবাধিকার, আইনের শাসন এবং বাক্স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চায়। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের এই ইস্পাতকঠিন ঐক্যই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার কথা উল্লেখ করে মাহদী আমিন আরও বলেন, ‘আমরা দেখছি অনেক জায়গায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহিষ্ণুতা, ধৈর্য এবং আন্তরিকতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।’
‘সরকারের শ্রমবান্ধব নীতি ও কাজের ধারাবাহিকতায় ডিএফসির অর্থায়ন প্রাপ্তি’
সরকারের শ্রমবান্ধব নীতি ও কাজের ধারাবাহিকতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন-ডিএফসির অর্থায়ন প্রাপ্তি অর্জন করেছে বলে জানিয়েছেন মাহদী আমিন। আজ একই সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশ যোগ্যতা লাভ করেছে। যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। ডিএফসির অর্থায়নের পথ সুগম হওয়ায় আগামী দিনগুলোতে বাংলাদেশের বৃহৎ প্রকল্পগুলোতে মার্কিন বিনিয়োগ আসা অনেক সহজতর হবে। বিশেষ করে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি এবং ডিজিটাল রূপান্তরসহ বহুমাত্রিক খাতে এই বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি পাবে।
উপদেষ্টা আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের এই বিনিয়োগ সুবিধা কাজে লাগানোর মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি অনেক সহজতর হবে।
ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনকে বর্তমান গণতান্ত্রিক সরকারের ইতিবাচক কার্যক্রম, বৈশ্বিক আস্থা ও বিশ্বাসের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, অতীতে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে বিভিন্ন শ্রমবিরোধী নীতিমালা প্রণয়ন করা হয়েছিল। সে কারণেই এর আগে যুক্তরাষ্ট্রের এ ধরনের অর্থায়ন বাংলাদেশে আসেনি বা এর আগে দীর্ঘদিন ধরে সেটা বন্ধ ছিল।
বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকারের ওপর আন্তর্জাতিক মহলের যে আস্থা তৈরি হয়েছে, এই অর্জন তারই ধারাবাহিকতার বহিঃপ্রকাশ। গত ৯ মাসে বর্তমান সরকারের নীতিমালার ধারাবাহিকতা ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সর্বাঙ্গীণ বিশ্বাসের ফলেই এই ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
উপদেষ্টা আরও উল্লেখ করেন, ডিএফসির এই অর্থায়নের যোগ্যতা অর্জনের মাধ্যমে আগামী দিনগুলোতে বাংলাদেশে ব্যাপক পরিমাণে মার্কিন বিনিয়োগ আসার পাশাপাশি দেশের তরুণদের জন্য বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
ডিএফসির অর্থায়নের যোগ্যতা লাভের ফলে আগামী দিনগুলোতে বাংলাদেশের অত্যন্ত প্রয়োজনীয় বৃহৎ প্রকল্পগুলোতে মার্কিন বিনিয়োগ আসবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
মাহদী আমিন বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশের ওপর আস্থা রাখছেন। সরকারের সব মন্ত্রণালয় সমন্বিতভাবে দেশে যে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করছে, তার আলোকে বাংলাদেশের অর্থনীতি সামনে আরও সমৃদ্ধি ও স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমবান্ধব নীতিমালা গ্রহণ এবং নতুন শ্রম আইন পাসের ফলেই যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্যতা অর্জিত হয়েছে। তিনি বলেন, নতুন শ্রম আইনের মাধ্যমে সরকার শ্রমিকদের স্বার্থ ও সুরক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। সরকারের এই ইতিবাচক পদক্ষেপে আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের জন্য এই অর্থায়নের সুযোগ তৈরি করে দিয়েছে।
বিনিয়োগ প্রক্রিয়ার বিষয়ে মাহদী আমিন বলেন, ডিএফসির এই তহবিলের আওতায় ‘কেস টু কেস’ ভিত্তিতে প্রতিটি প্রকল্প আসবে। এর মাধ্যমে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিদেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ আনার ক্ষেত্রে এক অবারিত ও অপার সুযোগ সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Source - www.prothomalo.com ↗