চট্টগ্রাম নগরীর জামালখান সিঁড়ির গোড়া থেকে চেরাগি পাহাড় মোড় পর্যন্ত সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা ২৫টি দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। অভিযানে ৩০ ধরনের সবজি ও ফলমূলসহ প্রায় ৮ মণ পণ্য এবং একটি তিন চাকার ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান।

চসিকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, অভিযানে জব্দ করা সবজি ও ফলমূল কদম মোবারক মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তর করা হয়েছে।

নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চসিকের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।