বগুড়ার নন্দীগ্রামে বগুড়া-নাটোর মহাসড়কে দুটি বালুবাহী ট্রাকের সংঘর্ষে ওবায়দুল ইসলাম ২৭ নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। মঙ্গলবার ১৭ নভেম্বর ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার কুন্দারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওবায়দুল ইসলাম যশোর জেলার কেশবপুর উপজেলার পরচক্রা গ্রামের বাসিন্দা। ওবায়দুল ইসলামের বালুবাহী ট্রাকটি সামনের ট্রাকে ধাক্কা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে রংপুর থেকে ছেড়ে আসা বালুভর্তি একটি ট্রাক বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা অপর একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক দুটি দুর্ঘটনার কবলে পড়ে এবং চালক ওবায়দুল ইসলাম গুরুতর আহত হন।
পরে স্থানীয় পথচারীরা নন্দীগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করেন। পরে তাঁকে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহত

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, নিহত ওবায়দুল ইসলামের মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Source - www.bd24live.com ↗