Bangladesh · 2026-11-17 18:25:07

প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির নির্মাণের পরিকল্পনা সরকারের: ধর্মমন্ত্রী

প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির নির্মাণের পরিকল্পনা সরকারের: ধর্মমন্ত্রী
দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক বা মডেল মন্দির নির্মাণের লক্ষ্যে প্রকল্প দলিল তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম জানতে চান, ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি করে মন্দির নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না। পরিকল্পনা থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে?

জবাবে ধর্মমন্ত্রী জানান, দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক মন্দির নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বর্তমানে প্রকল্প দলিল প্রণয়নের কাজ চলছে।

তিনি আরও বলেন, প্রকল্প দলিল তৈরির কাজ সম্পূর্ণ হওয়া এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পরই প্রকল্পটি বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সীমা জানানো সম্ভব হবে।

Source - www.bd24live.com ↗