দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের সম্পদের সন্ধান পেয়েছে সংস্থাটি। এসব সম্পদের বিস্তারিত তথ্য জানতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।
তিনি জানান, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ১ হাজার ৬২ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। এ ছাড়া শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা দায়ের করেছে দুদক। এর মধ্যে সাতটি মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হয়েছে।
হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

দুদক সচিব আরও জানান, এসব মামলার অনুসন্ধান ও তদন্তের অংশ হিসেবে দেশে-বিদেশে ১ হাজার ৬২ কোটি টাকার বেশি সম্পদ জব্দ করা হয়েছে। সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের উদ্যোগও নেওয়া হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে সংস্থাটি।
অনুসন্ধানে অবৈধভাবে প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা লুটপাট করে ৩০০ মিলিয়ন ডলার পাচার, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন ঘিরে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ক্ষতিসাধন এবং আটটি প্রকল্প থেকে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে এসেছে।
এ ছাড়া সিআরআই ও সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও দুদকের অনুসন্ধানের আওতায় রয়েছে।
এসব অভিযোগের তদন্ত ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলার পাশাপাশি দেশে-বিদেশে সম্পদের তথ্য সংগ্রহ এবং ইন্টারপোলের সহায়তা নেওয়ার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন।
Source - www.bd24live.com ↗