আদালতের রায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিতে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে অবরুদ্ধ ও হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক আবদুল্লাহ আল-মামুনকে সভাপতি করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (বিশ্ববিদ্যালয়-২) নাফিসা আরেফীন ও আইন কর্মকর্তা মো. ফাহিম ফয়সাল এবং ইউজিসির অতিরিক্ত পরিচালক মো. মুহিবুল আহসান (সদস্যসচিব)। কমিটি চাইলে প্রয়োজনীয় সংখ্যক সদস্য নিতে পারবে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গতকাল সোমবার চাকরিতে পুনর্বহাল হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ হয়। ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত ১০ ঘণ্টার বেশি সময় ধরে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা হয়।
দাবিদাওয়া নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করার ঘটনা তদন্তে মন্ত্রণালয়ের কমিটি গঠন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্তউদ্ভূত পরিস্থিতিতে ওই দিন রাতেই জরুরি সিন্ডিকেট সভা ডেকে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
Source - www.prothomalo.com ↗